ATK Mohun Bagan

ATK Mohun Bagan: ফিফার নির্বাসনের জের! স্বপ্নভঙ্গ হতে পারে সবুজ-মেরুনে, এএফসি কাপে মোহনবাগানের খেলা অনিশ্চিত

এআইএফএফ-কে নির্বাসিত করেছে ফিফা। এর ফলে এএফসি কাপে না-ও খেলা হতে পারে এটিকে মোহনবাগানের। হতাশ সচিব দেবাশিস দত্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ০৯:২৮
এএফসি কাপে খেলতে পারবে না এটিকে মোহনবাগান।

এএফসি কাপে খেলতে পারবে না এটিকে মোহনবাগান। —ফাইল চিত্র

এএফসি কাপে না-ও খেলা হতে পারে এটিকে মোহনবাগানের। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা। সেই শাস্তি না উঠলে মোহনবাগানের আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলা সম্ভব হবে না। ৭ সেপ্টেম্বর যুবভারতীতে আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের।

সবুজ-মেরুনকে এই অনিশ্চয়তার মধ্যে পড়তে হওয়ার জন্য মোহনবাগান সচিব দেবাশিস দত্ত দায়ী করেছেন এআইএফএফ-কেই। তিনি বলেন, “এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এআইএফএফ। তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই মোহনবাগান খেলার সুযোগ হারাতে পারে। এআইএফএফ কর্তাদের ক্ষমতা ধরে রাখার কারণেই এই পরিস্থিতি তৈরি হল। ভারতীয় ফুটবলে এটা একটা অন্ধকার দিন।”

Advertisement

এএফসি কাপের যোগ্যতা অর্জন এবং গ্রুপ পর্বের ম্যাচ খেলে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠেছিল মোহনবাগান। সেই সব ম্যাচ খেলা হয়েছিল যুবভারতীতে। এই সেমিফাইনালও খেলার কথা ছিল যুবভারতীতেই। কিন্তু সেই ম্যাচ আর না-ও খেলতে পারে না মোহনবাগান।

সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল ২৪ সেপ্টেম্বর। এই পরিস্থিতিতে সেই ম্যাচও না হওয়ার সম্ভাবনাই বেশি। অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়েও তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা।

Advertisement
আরও পড়ুন