FIFA World Cup 2026

মেসি, রোনাল্ডোর মধ্যে কে সেরা? বিশ্বকাপের মাঝে জবাব এমবাপের, নিজেকে কত নম্বরে রাখবেন, জানালেন ফরাসি তারকা

এ বার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’জনের মধ্যে সেরা কে? এই প্রশ্নের জবাব দিলেন কিলিয়ান এমবাপে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১১:২৫
football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লিয়োনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কে সেরা? এই প্রশ্নের জবাব দ্বিধাবিভক্ত ফুটবলদুনিয়া। বিশ্বকাপ জেতায় হয়তো লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছেন মেসি। কিন্তু রোনাল্ডোকেও খুব পিছনে রাখা যায় না। এ বার এই প্রশ্নের জবাব দিলেন কিলিয়ান এমবাপে। নিজের পছন্দ জানিয়ে দিলেন তিনি।

Advertisement

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে ফরাসি তারকাকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনের মধ্যে কে সেরা? জবাবে এমবাপে বলেন, “আমাদের মধ্যে অবশ্যই মেসি সেরা। ও বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই রয়েছে রোনাল্ডো। তার পরে সম্ভবত আমি। বাকিদের কথা বলতে পারব না।”

এমবাপের কথা থেকে পরিষ্কার, তিনি সকলের উপরে মেসিকে রেখেছেন। গত বার বিশ্বকাপের ফাইনালে মেসি বনাম এমবাপের লড়াই দেখেছিল ফুটবলবিশ্ব। হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। জোড়া গোল করেছিলেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকার ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সে বার বিশ্বকাপের সোনার বুট জিতেছিলেন এমবাপে। সোনার বল জিতেছিলেন মেসি। বিশেষজ্ঞেরা বলেন, ফ্রান্স বনাম আর্জেন্টিনার সেই ফাইনাল বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বারও শুরু থেকে ছন্দে দুই তারকা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি। এমবাপে আবার সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। অর্থাৎ, এ বারেও সোনার বুটের দৌড় শুরু হয়ে গিয়েছে দু’জনের মধ্যে।

সেই তুলনায় পিছিয়ে রোনাল্ডো। প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ভাল খেলতে পারেননি তিনি। একের পর এক সুযোগ নষ্ট করেছেন। তাঁকে দলের বোঝা মনে হয়েছে। রোনাল্ডোর সমালোচনা শুরু হয়েছে। তাঁকে হতাশ দেখিয়েছে। এ রকম খেললে আরও এক বিশ্বকাপে খালি হাতে ফিরতে হতে পারে তাঁকে।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপের সর্বাধিক গোলদাতার লড়াইয়ে রয়েছেন মেসি ও এমবাপে। ১৬ গোল করে মিরোস্লাভ ক্লোজ়ের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে মেসি। আর একটি গোল করলেই ক্লোজ়েকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হবেন তিনি। খুব একটা পিছিয়ে নেই এমবাপে। ১৪ গোল হয়েছে তাঁর। এই বিশ্বকাপে তিনিও ক্লোজ়েকে টপকাতে পারেন। তবে অনেকটাই পিছিয়ে রোনাল্ডো। বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা ৮।

Advertisement
আরও পড়ুন