ব্রাজ়িল ফুটবলারদের উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: রয়টার্স।
মরক্কোর কাছে প্রথম ম্যাচে হোঁচট খেলেও শুক্রবার দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে নকআউটের দৌড়ে ঢুকে পড়েছে ব্রাজ়িল। গোলপার্থক্যে তারা রয়েছে গ্রুপের শীর্ষস্থানে। ফলে পরের পর্বে যোগ্যতা অর্জন এক রকম নিশ্চিত ভিনিসিয়াসদের। শেষ ম্যাচে অঘটন না ঘটলে গ্রুপ শীর্ষে থেকেই পরের পর্বে যাবে ব্রাজ়িল।
ব্রাজ়িলের এই মুহূর্তে চার পয়েন্ট রয়েছে। স্কটল্যান্ডকে ১-০ হারিয়ে মরক্কোরও রয়েছে চার পয়েন্ট। শেষ ম্যাচে ব্রাজ়িল খেলবে স্কটল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচ জিতলে ব্রাজ়িলকে আর কারও দিকে তাকাতে হবে না। তারা সরাসরি নকআউটে চলে যাবে। যদি মরক্কো বড় ব্যবধানে হারায় হাইতিকে এবং ব্রাজ়িলের থেকে গোলপার্থক্য বেশি হয়, তা হলে তারাই গ্রুপ শীর্ষে থেকে শেষ করবে। সে ক্ষেত্রে রাউন্ড অফ ৩২-তে ব্রাজ়িল তুলনামূলক কঠিন প্রতিপক্ষের সামনে পড়বে।
ব্রাজ়িল ড্র করলেও সমস্যা নেই। সে ক্ষেত্রে পাঁচ পয়েন্ট হবে তাদের। মরক্কো জিতলে গ্রুপে দ্বিতীয় হলেও পরের পর্বে যেতে অসুবিধা হবে না ব্রাজ়িলের। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রেরা যদি হেরে যান, সে ক্ষেত্রে স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করবে। মরক্কোও যদি পয়েন্ট পায় তা হলে ব্রাজ়িলের চেয়ে উপরে শেষ করবে। সে ক্ষেত্রে সেরা আট তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে ব্রাজ়িলকে নকআউটের টিকিট পেতে হবে। টিকিট পাবেই তা এখনই বলা যাচ্ছে না। শেষ দিন পর্যন্ত নকআউটে ওঠার লড়াই চলবে।
ব্রাজ়িলের শেষ ম্যাচে ফ্লোরিডায়, ভারতীয় সময় ২৫ জুন, ভোর ৩.৩০টেয়। একই দিনে একই সময়ে আটলান্টায় নামবে মরক্কোও। ফলে একই সময়ে ঠিক হয়ে যাবে, কোন দলের ভবিষ্যৎ কী হতে চলেছে।