English Premier League

চেলসিকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ডার্বিতে এভার্টনকে হারাল লিভারপুল

প্রিমিয়ার লিগে জয় পেল দুই বড় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুল। চেলসিকে হারাল ম্যান ইউ। লিভারপুল আবার শেষ দিকে গোল করে ডার্বিতে হারাল এভার্টনকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১০:৪৯
football

গোলের পর উল্লাস ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারদের। ছবি: রয়টার্স।

ম্যাঞ্চেস্টার সিটি আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগের লড়াই জমিয়ে দিয়েছে। এই দুই দলের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। বাকি আর কোনও দল ট্রফি জেতার লড়াইয়ে নেই। তাদের মধ্যে লড়াই চলছে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করার। সেই লড়াইয়ে কিছুটা এগোল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুল। চেলসিকে হারাল ম্যান ইউ। লিভারপুল আবার শেষ দিকে গোল করে ডার্বিতে হারাল এভার্টনকে।

Advertisement

মরসুমের মাঝে মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর বদলে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মরসুমের মাঝেও যে দল পয়েন্ট তালিকায় অনেকটা পিছনে ছিল, সেই দলই এখন তিন নম্বরে। আর্সেনাল ও ম্যান সিটির পরেই রয়েছেন ব্রুনো ফের্নান্দেসরা। রবিবার ম্যান ইউর প্রতিপক্ষ ছিল চেলসি। ক্যারিক জানতেন, বুদ্ধি করে ৩ পয়েন্ট তুলতে হবে। সেটাই করলেন তিনি।

প্রথমার্ধের বিরতির ঠিক ২ মিনিট আগে গোল করেন ম্যান ইউর ম্যাথিউস কুনহা। সেই গোলেই খেলার ফয়সালা হয়ে গেল। বলের দখল বেশি ছিল চেলসির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যেখানে মাত্র চারটি শট মেরেছে সেখানে চেলসি মেরেছে ২০টি শট। কিন্তু তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, ম্যান ইউর রক্ষণ ভাঙতে পারেনি চেলসি। ১-০ গোলে জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

মার্সিসাইড ডার্বিতে লিভারপুল বনাম এভার্টন ম্যাচ শেষ পর্যন্ত টান টান হয়েছে। ২৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মো সালাহ্‌। ৫৪ মিনিটে সমতা ফেরান বেটো। তার পর নির্ধারিত ৯০ মিনিটে দুই দল আর গোল করতে পারেনি। কিন্তু সংযুক্তি সময়ের দশম মিনিটে কর্নারে হেড করে লিভারপুলের জয়সূচক গোল করেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। আর ফিরতে পারেনি এভার্টন। ২-১ গোলে জেতে লিভারপুল।

রবিবারের ম্যাচের পর প্রিমিয়ার লিগে তিন নম্বরে ম্যান ইউ। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। সমসংখ্যক ম্যাচ খেলে অ্যাস্টন ভিলার পয়েন্টও ৫৮। গোলপার্থক্যে চার নম্বরে তারা। পাঁচ নম্বরে রয়েছে লিভারপুল। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় থাকা প্রথম পাঁচ দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। ফলে জোর লড়াই চলছে ম্যান ইউ, অ্যাস্টন ভিলা ও লিভারপুলের মধ্যে।

Advertisement
আরও পড়ুন