FIFA World Cup 2026

বিশ্বকাপে ভার-বিতর্ক থামার নাম নেই, এ বার কি প্রযুক্তি শিকার সেনেগাল? রেফারির সিদ্ধান্ত মানতে পারছে না আফ্রিকার দেশ

সেনেগালের বিরুদ্ধে শেষ মুহূর্তে পেনাল্টি পায় বেলজিয়াম। গোল করে জিতে যায় তারা। রেফারি প্রথমে পেনাল্টি দেননি। কিন্তু ভার রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৪:৫৭
football

রেফারিকে ঘিরে প্রতিবাদ সেনেগালের ফুটবলারদের। ছবি: রয়টার্স।

ভার-বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বকাপে। সোমবার রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে জার্মানির একটি গোল বাতিল হওয়ায় ভার প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার বিতর্ক হল বেলজিয়াম-সেনেগাল ম্যাচে। প্রশ্ন উঠছে, সেনেগালকে কি ভার-এর শিকার হতে হল?

Advertisement

বেলজিয়ামের বিরুদ্ধে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে ছিল সেনেগাল। দেখে মনে হচ্ছিল, হাসতে হাসতে জিতবে তারা। কিন্তু ৮৬ ও ৮৯ মিনিটে জোড়া গোল করে সমতা ফেরায় বেলজিয়াম। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যখম মনে হচ্ছে, টাইব্রেকারে খেলার ফয়সালা হবে, ঠিক তখনই আসরে নামে ভার।

অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে বক্সে একটি ক্রসে পা লাগানোর চেষ্টা করেন বেলজিয়ামের অধিনায়ক ইউরি টিয়েলেম্যানস। বল বার করার চেষ্টা করেন সেনেগালের লামিন কামারা। কিন্তু টিয়েলেম্যানস বলের কাছে আগে পৌঁছোন। কামারা বলে পা লাগাতে পারেননি। কিন্তু তাঁর পা টিয়েলেম্যানসের পায়ের পিছনে লাগে। পড়ে যান টিয়েলেম্যানস। বেলজিয়াম পেনাল্টির আবেদন করলেও রেফারি প্রথমে দেননি।

পরে ভার প্রযুক্তির দায়িত্বে থাকা দল হন্ডুরাসের রেফারি হেক্টর মার্তিনেজ় সোর্তোকে জানান, ফাউল হয়েছে কি না তা দ্বিতীয় বার খতিয়ে দেখতে। তখনই আপত্তি তোলেন সেনেগালের ফুটবলারেরা। তাঁরা রেফারিকে বার বার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রেফারি কান দেননি। তিনি যখন সাইডলাইনের পাশে মনিটরে রিপ্লে দেখছেন তখন তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ জানাচ্ছিলেন সেনেগালের ফুটবলারেরা।

রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত ঘোষণা করেন রেফারি। তাতে সেনেগালের আপত্তি আরও বাড়ে। পেনাল্টি স্পটের উপরেই সেনেগালের এক ফুটবলার বসে পড়েন। তাঁর অভিযোগ, তাঁকে কনুইয়ের ধাক্কা মারা হয়েছে। আরও কয়েক জন ফুটবলার সেখানে জড়ো হন। পেনাল্টি স্পটের কোনও ক্ষতি হচ্ছে কি না, সে দিকে নজর দেন বেলজিয়ামের ফুটবলারেরাও। সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছু ক্ষণ পরে পেনাল্টি নিতে যান টিয়েলেম্যানস। গোল করে বেলজিয়ামকে জিতিয়ে দেন তিনি। গোলের পরেও সেনেগালের ফুটবলারদের প্রতিবাদ কমেনি।

পেনাল্টি ছিল কি না, তা নিয়ে দু’রকম মত পাওয়া গিয়েছে। এক দল বিশেষজ্ঞের মতে, পরিষ্কার পেনাল্টি। পিছন থেকে ফাউল করেছিলেন কামারা। ফলে রেফারির কিছু করার ছিল না। আর এক দলের মতে, টিয়েলেম্যানসও বল ছুঁতে পারেননি। তাই তাঁকে ফাউল না করলেও হয়তো তিনি বলের নাগাল পেতেন না। সুতরাং রেফারি পেনাল্টি না দিলেও পারতেন।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি সেনেগালের কোচ পাপে চাও। তিনি বলেন, “রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনও মন্তব্য করব না। হেরে যাওয়ায় দুঃখ হচ্ছে। ২-০ এগিয়ে থেকেও জিততে পারলাম না। বাকিরা পেনাল্টি নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আমি ওর মধ্যে ঢুকব না।” রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অভিযোগ করলে শাস্তি পেতে পারেন বলেই কি মন্তব্য করলেন না সেনেগালের কোচ? সেই প্রশ্নও তুলেছেন অনেকে। সব মিলিয়ে এ বারের বিশ্বকাপে ভার-বিতর্ক থামার নাম নেই।

Advertisement
আরও পড়ুন