Viral Video

গাড়ির ড্যাশবোর্ডে ফণা তুলে গোখরো! দেখেই দরজা খুলে চম্পট তরুণীর, খবর পেয়ে এল পুলিশ, তার পর?

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি কানাওয়ানির কাছে একটি উড়ালপুলে ঘটেছে। এক তরুণী দিল্লির উদ্দেশে গাড়ি ছোটাচ্ছিলেন। ড্যাশবোর্ডের উপর একটি সাপকে ঘুরে বেড়াতে দেখে তিনি আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েন। কিছু ক্ষণ অপেক্ষা করার পর এক ট্রাফিক পুলিশের আধিকারিক তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৫:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাপ দেখলে আতঙ্কিত হন না এমন লোক মনে হয় হাতেগোনা। আর গাড়ি চালাতে চালাতে যদি ড্যাশবোর্ডে গোখরোর দেখা মেলে তবে যে কারওরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। দিল্লি যাওয়ার পথে তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক তরুণী। তিনি গাড়ির সামনে উইন্ডস্ক্রিনের ধারে ড্যাশবোর্ডের সামনে ফণা তুলে নড়েচড়ে বেড়াতে দেখেন একটি সাপকে। বিষধর সরীসৃপটিকে দেখে আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। ত্রাতা হয়ে ওঠেন ট্রাফিক পুলিশকর্মীরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি গাজ়িয়াবাদের কানাওয়ানির কাছে একটি উড়ালপুলে ঘটেছে। তরুণী দিল্লির দিকে যাচ্ছিলেন। ড্যাশবোর্ডের উপর একটি সাপকে ঘুরে বেড়াতে দেখে তিনি আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েন। কিছু ক্ষণ অপেক্ষা করার পর এক ট্রাফিক পুলিশের আধিকারিক তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। কর্মরত ট্রাফিক পুলিশের হেড কনস্টেবল দ্রুত সাপটিকে ধরে একটি বোতলে ভরে মুখ বন্ধ করে দেন। তিনি ভিভিআইপির ক্রেন ডিউটিতে থাকলেও ওই মহিলাকে সাহায্য করতে এক মুহূর্তও নষ্ট করেননি। পরে এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনাটির ভিডিয়ো গাজিয়াবাদ ট্রাফিক পুলিশের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকেরা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যে পুলিশকর্মী বিষধর গোখরোটিকে ধরার সাহস দেখিয়েছেন তাঁর জন্য ধন্যবাদ জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন তরুণীও।

Advertisement
আরও পড়ুন