Manchester United

ম্যাচ দেখতে এসে অসুস্থ, হাসপাতালে ভর্তি করানো হল ফার্গুসনকে, লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত ম্যান ইউয়ের

প্রিয় দলের ম্যাচ দেখতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হল অ্যালেক্স ফার্গুসনকে। রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচ শুরু হওয়ার আগে এই ঘটনাটি ঘটেছে। ম্যাচে ম্যান ইউ ৩-২ হারিয়েছে লিভারপুলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ২৩:০৩
football

ম্যান ইউ ফুটবলারদের উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: রয়টার্স।

প্রিয় দলের ম্যাচ দেখতে এসেছিলেন। তার আগে আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হল অ্যালেক্স ফার্গুসনকে। রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচ শুরু হওয়ার আগে এই ঘটনাটি ঘটেছে। ম্যাচে ম্যান ইউ ৩-২ হারিয়েছে লিভারপুলকে। নিশ্চিত করেছে পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও।

Advertisement

এ দিন হাসিমুখেই গাড়ি থেকে নেমে স্টেডিয়ামে ঢুকতে দেখা গিয়েছিল ফার্গুসনকে। ম্যান ইউ সমর্থক তথা ভারতীয় চিকিৎসক অসীম মলহোত্রের সঙ্গে ছবিও তোলেন। নির্ধারিত আসনে গিয়ে বসার কিছু ক্ষণ পরেই শারীরিক অস্বস্তি হতে থাকে। বক্সেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এর পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঠিক কী হয়েছে ফার্গুসনের তা এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি। তবে পরিস্থিতি গুরুতর নয়। সাবধানতা অবলম্বনের জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।

মাঠে না থাকায় একটি সুন্দর ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছেন ফার্গুসন। চিরশত্রু লিভারপুলকে ১০ বছর পর লিগের দু’টি ম্যাচেই হারাল ম্যান ইউ। পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খেলবে।

চার মিনিটেই ম্যান ইউকে এগিয়ে দিয়েছিলেন ম্যাথেউস কুনহা। ব্রায়ান এমবিউমোর কর্নার ক্লিয়ার করতে গিয়ে অ্যান্ডি রবার্টসন বল তুলে দেন কুনহার পায়ে। প্রথম শটেই গোল করেন কুনহা। ১৪ মিনিটে দ্বিতীয় গোল বেঞ্জামিন সেসকোর। প্রতিআক্রমণে এমবিউমোর থেকে বল পান ব্রুনো ফের্নান্দেস। তার থেকে বল পেয়ে গোল করেন সেসকো।

দ্বিতীয়ার্ধে ম্যান ইউয়ের দু’টি ভুলে সমতা ফেরায় লিভারপুল। প্রথম আমাদ দিয়ালোর ভুল পাস পেয়ে মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে গিয়ে গোল করেন ডোমিনিক সোবোজ়লাই। দ্বিতীয়টি হয় ম্যান ইউ গোলকিপার সেনে ল্যামেন্সের ভুলে। তিনি বল সোজা পাস দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। সেখান থেকে সোবোজ়লাই হয়ে বল যায় কোডি গাকপোর কাছে। তিনি গোল করেন।

ম্যান ইউ হাল ছাড়েনি। বাঁ দিক থেকে লুক শয়ের ক্রস আমাদ মাটিতে নামিয়ে দেন। চলতি বলে নীচু শটে গোল করেন কোবি মাইনু।

Advertisement
আরও পড়ুন