ধাক্কা: কনুইয়ে চোট। লক্ষ্যকে নিয়ে ঝুঁকি নিল না দল। —ফাইল চিত্র।
টমাস কাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ০-৩ ফলে হারল ভারত। ফলে ডেনমার্ক থেকে ব্রোঞ্জ নিয়েই ফিরতে হচ্ছে আয়ুষ শেট্টিদের।
এ দিন টাইয়ে নামার আগেই চোটের ধাক্কা ছিল ভারতীয় শিবিরে। লক্ষ্য সেনকে ছাড়াই ফ্রান্সের মুখোমুখি হতে হয় ভারতকে। শুক্রবার চিনা তাইপেকে ৩-০ ফলে উড়িয়ে শেষ চারে উঠেছিল ভারত। সেই টাইয়ে প্রথম ম্যাচে বিশ্বের ছ’নম্বর চৌ তিয়েন চেনের বিরুদ্ধে ১ ঘণ্টা ১৮ মিনিট লড়ে জিতেছিলেন লক্ষ্য। ম্যাচের মধ্যে কয়েক বার ডাইভও দিয়ে হয় লক্ষ্যকে। যে কারণে তাঁর কনুইয়ের কাছে ফুলে যায়। এ জন্য তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেয়নি ভারতীয় দল।
বিবৃতিতে জাতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছিলেন, ‘‘লক্ষ্য সেন শনিবারের সেমিফাইনালে অংশ নিতে পারছে না। লক্ষ্যকে তীব্র লড়াইয়ের কোয়ার্টার ফাইনালে একাধিক বার ডাইভ দিতে হয়। যে কারণে তাঁর কনুইয়ে চোট লেগেছে। এই অবস্থায় দলের মেডিক্যাল স্টাফ সিদ্ধান্ত নিয়েছে যে লক্ষ্যকে ভারত যদি ফাইনালে ওঠে তা হলে ফিট অবস্থায় নামতে হলে এই টাইয়ে বিশ্রাম দিতে হবে। লক্ষ্যের উপরে এখন মেডিক্যাল স্টাফ নজর রাখছে। প্রয়োজনীয় সব রকম সাহায্য করা হচ্ছে লক্ষ্যকে।’’
ফাইনালে ওঠা অবশ্য আর হল না ভারতীয় দলের। লক্ষ্যের অনুপস্থিতিতে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামেন আয়ুষ। তাঁর লড়াই ছিল বিশ্বের ৪ নম্বর ক্রিস্টো পোপোভের বিরুদ্ধে। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালে অপরাজিত আযুষ স্ট্রেট গেমে তিনি হার মানেন ক্রিস্টোর কাছে। ফল ১১-২১, ৯-২১। দ্বিতীয় ম্যাচে কিদম্বি শ্রীকান্ত হারেন আলেক্স ল্যানিয়েরের কাছে ১৬-২১, ১৮-২১ ফলে। তৃতীয় সিঙ্গলসে বিশ্বের ১৭ নম্বর টোমা পোপোভ জুনিয়রের মুখোমুখি হন এইচএস প্রণয়। কিন্তু তিনিও পরাস্ত হন ১৯-২১, ১৬-২১। ফলে ৩-০ জিতে প্রথম বার টমাস কাপের ফাইনালে উঠে যায় ফ্রান্স। তাদের সামনে চিন।