Novak Djokovic-Virat Kohli Friendship

বন্ধু বিরাটের জন্যই ক্রিকেট দেখা শুরু জোকোভিচের! ‘তাড়াতাড়ি ভারতে যাব’, জানালেন টেনিস তারকা

নোভাক জোকোভিচ জানিয়েছেন, বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরেই ক্রিকেট দেখা শুরু করেছেন তিনি। কোহলির সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন জোকোভিচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৪
sports

নোভাক জোকোভিচ (বাঁ দিকে) ও বিরাট কোহলি। ছবি: এক্স।

আগে ক্রিকেট দেখতেন না। কিন্তু এখন দেখেন। খুব ভালবাসেন, তা নয়। কিন্তু বন্ধু তারকা ক্রিকেটার হওয়াতেই এই খেলায় আগ্রহ জন্মেছে তাঁর। এমনটাই জানিয়েছেন নোভাক জোকোভিচ। সেই বন্ধু আর কেউ নন, বিরাট কোহলি। স্পেনের মাদ্রিদে একটি অনুষ্ঠানে ‘টাইমস নাউ’-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

Advertisement

পুরুষদের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা জানিয়েছেন, বিরাটের সঙ্গে বন্ধুত্বের কারণেই তাঁর ক্রিকেট দেখা শুরু। জোকোভিচ বলেন, “বিরাট আমার বন্ধু। ওকে আমি শ্রদ্ধা করি। ওর কাছে শিখি। ওর জন্যই আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আগে দেখতাম না। ওর জন্য এখন দেখি।”

ভারতে এলে বিরাটের সঙ্গে ক্রিকেট ও টেনিস দু’টি খেলতেই দেখা যাবে জোকোভিচকে। সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি। সার্বিয়ার টেনিস তারকা বলেন, “ভারতে গেলে ওর সঙ্গে মিলে একটু টেনিস, একটু ক্রিকেট খেলব। মজা হবে। কী জানেন তো, বিরাটের মতো ইতিবাচক মনের মানুষের সঙ্গে খেলার মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে।”

কবে ভারতে আসবেন জোকোভিচ? নির্দিষ্ট কোনও তারিখ না জানালেও তিনি যে ভারতে আসবেন তা স্পষ্ট করে দিয়েছেন। জোকোভিচ বলেন, “আমি সবসময় ভালবাসা ছড়িয়ে দিতে চাই। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয় টেনিস সমর্থকদের থেকে অনেক সমর্থন ও ভালবাসা পেয়েছি। অনেকের সঙ্গে দেখা হয়েছে। তাদের জন্য আমার বার্তা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। গত কয়েক বছর ধরে ভারত আমাকে ডাকছে। এত দিন যাওয়া হয়নি। খুব তাড়াতাড়ি ভারতে যাব। ভারতের লোকেরা আমার খুব কাছের। ওদের সঙ্গে ভাল সময় কাটাব।”

আর কত দিন টেনিস কোর্টে জোকোভিচকে দেখা যাবে তার জবাব তিনি দেননি। কিন্তু ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সার্বিয়ার হয়ে খেলতে চান নোভাক। তিনি বলেন, “অলিম্পিক্সে সার্বিয়ার হয়ে নামার থেকে বেশি সম্মানের কিছু নয়। আশা করছি ২০২৮ সালে নামতে পারব। সিঙ্গলসে চ্যাম্পিয়ন হতে চাই।”

এখন জোকোভিচের দুই প্রধান প্রতিপক্ষ ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ়। তবে তাঁর মন পড়ে রয়েছে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে লড়াইয়ে। ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক স্পষ্ট বলেন, “সিনার ও আলকারাজ়ের সঙ্গে লড়াই উপভোগ করি। কিন্তু আমার মতে, বিগ থ্রি-র (ফেডেরার, নাদাল ও জোকোভিচ) লড়াই সর্বকালের সেরা। তার ধারেকাছে কেউ আসতে পারবে না।”

Advertisement
আরও পড়ুন