Viktor Axelsen

৩২ বছরেই অবসর অ্যাক্সেলসেনের! ১৮০ সপ্তাহ বিশ্বের এক নম্বরে থাকা ব্যাডমিন্টন খেলোয়াড় হার মানলেন চোটের কাছে

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয় ভিক্টর অ্যাক্সেলসেনকে। গত অলিম্পিক্সেও সোনা জিতেছেন ডেনমার্কের খেলোয়াড়। তবে গত অক্টোবর থেকে কোর্টের বাইরে ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২২:১৮
Picture of Viktor Axelsen

ভিক্টর অ্যাক্সেলসেন। —ফাইল চিত্র।

মাত্র ৩২ বছর বয়সেই অবসর ঘোষণা করে দিলেন ভিক্টর অ্যাক্সেলসেন। দু’বারের অলিম্পিক্স সোনাজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় বেশ কিছু দিন ধরে চোট-আঘাতে ভুগছিলেন। চোটে জর্জরিত হয়েই পেশাদার খেলোয়াড়জীবনে ইতি ঘোষণা করলেন অ্যাক্সেলসেন। দু’বার করে অলিম্পিক্স, বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ড খেতাব জিতেছেন তিনি।

Advertisement

অ্যাক্সেলসেনের অবসরের সিদ্ধান্ত বিস্মিত করেছে ব্যাডমিন্টন মহলকে। তিনি জানিয়েছে, পুরনো চোট বার বার সমস্যা তৈরি করাতেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। চিনের প্রাক্তন খেলোয়াড় লিন ডান ছাড়া অ্যাক্সেলসেনই একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক্স খেতাব ধরে রাখতে পেরেছেন। শেষ দু’টি অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে সোনা জেতেন অ্যাক্সেলসেন। গত বছর অক্টোবরে ফরাসি ওপেনে শেষ খেলেন অ্যাক্সেলসেন। তার পর থেকে চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন ডেনমার্কের খেলোয়াড়।

অবসর ঘোষণা করে অ্যাক্সেলসেন বলেছেন, ‘‘এই দিনটা আমার জন্য মোটেও সহজ নয়। পিঠের চোট বার বার সমস্যা করছে। এ ভাবে অনুশীলন এবং সর্বোচ্চ স্তরে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এন্ডোস্কোপিক অস্ত্রোপচার করিয়েছি। প্রচুর ইঞ্জেকশন নিয়েছি। অনুশীলনের পদ্ধতি পরিবর্তন করেছি। ব্যথা কমানোর জন্য যা যা করা সম্ভব, সব করেছি। চিকিৎসকেরা আমাকে শরীর এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন। বিষয়টা মেনে নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি, শরীর আমাকে আর খেলা চালিয়ে যেতে দিচ্ছে না।’’

২০২০, ২০২৪ অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাক্সেলসেন ২০১৬ অলিম্পিক্সে ব্রোঞ্জ পান। ২০১৭ এবং ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। ব্রোঞ্জ পান ২০১৪ সালে। এ ছাড়া ২০২০ এবং ২০২২ সালে জিতেছেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্রতিটি সুপার ১০০০ খেতাবও জিতেছেন তিনি। ১৮০ সপ্তাহের বেশি বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন অ্যাক্সেলসেন।

Advertisement
আরও পড়ুন