viral video

ভাইরাল হওয়ার জন্য দরিদ্র শিশুদের দিয়ে অভিনয়! ভিডিয়ো দেখে নেটপাড়া সমর্থন করল ‘দোষী’ নেটপ্রভাবীকেই

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণকে একটি খাবারের দোকানের সামনে বসে থাকতে। তিনি বাচ্চাদের ডেকে কিছু জিজ্ঞাসা করছিলেন। রিল তৈরির জন্য দরিদ্র শিশুদের ব্যবহার করা হচ্ছিল বলে দাবি তুলেছেন অন্য এক বিষয়স্রষ্টা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সমাজমাধ্যমে যে সব ভিডিয়ো ছড়িয়ে পড়ে, সেগুলো দেখে আমরা কখনও বাহবা দিই, কখনও প্রশংসায় ভরিয়ে দিই, কখনও বা আবেগে ভেসে যাই। আবার পছন্দ না হলে সমালোচনায় মুখর হই। তবে সমাজমাধ্যমের সেই সব ভিডিয়োর মধ্যে এমন কিছু ভিডিয়ো রয়েছে যেগুলির সঙ্গে সত্য বা বাস্তবের কোনও সম্পর্কই নেই। কিছু বিষয়স্রষ্টা রয়েছেন যাঁরা চিত্রনাট্য তৈরি করে অভিনয় করে সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা করেন। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। রিল তৈরির জন্য সেখানে দরিদ্র শিশুদের ব্যবহার করা হয়েছে। অন্য এক বিষয়স্রষ্টা ক্যামেরাবন্দি করেছেন গোটা দৃশ্যটি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’টি দরিদ্র শিশুকে বেলুন বিক্রি করার অভিনয় শিখিয়ে রিল তৈরি করার কাজ চলছে। তাদের হাতে তিন-চারটি বেলুন ধরিয়ে দিয়ে হেঁটে আসার দৃশ্য ক্যামেরায় তোলা হচ্ছিল। শিশু দু’টিও বিষয়স্রষ্টার পরামর্শ মেনে অভিনয় করছিল। ওই বিষয়স্রষ্টা তরুণকে একটি খাবারের দোকানের সামনে বসে থাকতে দেখা গিয়েছে ভিডিয়োয়। তিনি বাচ্চাদের ডেকে কিছু জিজ্ঞাসা করেন। তরুণের পিছনে থাকা এক জন ফোনের ক্যামেরায় সেই ঘটনাটির ভিডিয়ো করছিলেন। বাচ্চা দু’টিকে সম্ভবত খাবার খাওয়ানোর প্রস্তাব দিয়ে রিলের জন্য এই অভিনয় করাতে রাজি করানো হয়েছিল। কারণ ভিডিয়োয় বসে থাকা তরুণকে বলতে শোনা গিয়েছে ‘‘তোমরা কি খাবার খেয়েছ?’’

ভিডিয়োটি ‘নির্ভয়_সোলাঙ্কি_ভ্লগ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি শেয়ার করে পোস্টদাতা সমাজমাধ্যমের বাস্তবতা সম্পর্কে নেটাগরিকদের সচেতন করার চেষ্টা করেছেন। ভিডিয়োটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কয়েক লক্ষ বার দেখেছেন। ১ লক্ষ ৩৩ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। তবে বহু নেটাগরিক পোস্টদাতার বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত হতে পারেননি। অনেক ব্যবহারকারীই লিখেছেন যে, যাই হোক গরিব বাচ্চারা অন্তত খেতে তো পাবে। একই সঙ্গে কিছু নেটমাধ্যম ব্যবহারকারী স্বীকার করেছেন, বেশির ভাগ ভিডিয়োর বিষয়বস্তুই আগে থেকে স্থির করা থাকে।

Advertisement
আরও পড়ুন