Viral Video

চুপিচুপি বিদেশের জঙ্গলে সোফা ফেলে পালাচ্ছিলেন তিন ভারতীয়, উচিত শিক্ষা দিলেন এলাকাবাসী! ভিডিয়ো ভাইরাল

টেলর মেলার নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, তিনি তাঁর বাড়ির সামনের একটি জঙ্গলে একটি পুরনো সোফা ফেলে দিতে দেখেছেন তিন জনকে। তিন ভারতীয় তরুণ কালো রঙের গদি আঁটা একটি ভারী বাতিল সোফা এনে জঙ্গলে ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান টেলর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১০:১৭

ছবি: সংগৃহীত।

আস্ত এক বাতিল সোফা টেনে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসছিলেন তিন ভারতীয় তরুণ। চোখের সামনে এমন অনাগরিকসুলভ আচরণ করতে দেখে চুপ থাকতে পারেননি কানাডার এক বাড়ির মালিক। ওই তিন তরুণের পিছন পিছন ধাওয়া করে যোগ্য শিক্ষা দিলেন তিনি। ভারতীয় নাগরিকদের এ হেন আচরণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে কানাডার ফ্রেজ়ার ভ্যালিতে অবস্থিত ব্রিটিশ কলম্বিয়ার মিশন শহরে। সেখানকার স্থানীয় বাসিন্দা টেলর মেইলার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন তিনি তাঁর বাড়ির সামনের একটি জঙ্গলে একটি পুরনো সোফা ফেলে দিতে দেখেন। তিন ভারতীয় তরুণ কালো রঙের গদি আঁটা ভারী বাতিল সোফা এনে জঙ্গলে নামিয়ে রেখে পিঠটান দেওয়ার চেষ্টা করছিলেন বলে জানান টেলর। সোফাটি নামিয়ে রেখে ওই তিন জনকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে দেখেন তিনি। তিনিও গা়ড়ি নিয়ে তাঁদের ধাওয়া করেন। অভিযুক্ত তরুণদের গাড়ি থামিয়ে বাধ্য করেন সোফাটি যথাস্থানে ফেলে আসার। টেলরের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, তিন জন লোক জঙ্গল থেকে একটি বড় সোফা টেনে বার করে আনছেন। সেটিকে এমন একটি ট্রাকে তুলছেন যেটিতে আগে থেকেই অন্যান্য আসবাবপত্র ছিল। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছিল, “আমাদের বাড়ির ঠিক সামনের জঙ্গলে এই লোকগুলোকে আবর্জনা ফেলতে গিয়ে ধরেছি। ওদের ধাওয়া করে থামিয়েছি। ওদের ফিরে এসে আবর্জনাগুলো তুলে নিয়ে যেতে বাধ্য করেছি। তার পর ওদের এটি ডাম্প ইয়ার্ডে যেতে বাধ্য করেছি।”

ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে বহু প্রতিক্রিয়া জমা পড়েছে। বহু ভারতীয়ই ওই তরুণদের যথাযথ শিক্ষা দেওয়া ও বর্জ্য নিষ্কাশন করতে বাধ্য করার জন্য ধন্যবাদ ও প্রশংসা করছেন। কানাডায় বসবাসকারী এক ভারতীয় মন্তব্য বিভাগে লিখেছেন, “একজন অভিবাসী হিসেবে বলছি, ভারতীয় তরুণদের আবর্জনা পরিষ্কার করানোর শাস্তিটা অসাধারণ হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন