ছবি: সংগৃহীত।
পুলিশের খাকি উর্দি বা জলপাই উর্দিধারী দেখলে শিশুরা ভয় পেয়ে বড়দের আড়ালে মুখ লুকোয়। উর্দির আড়ালে থাকা মানুষগুলিকে দেখে সম্ভ্রমের চেয়ে ধরে নিয়ে যাওয়ার আতঙ্কটাই বেশি কাজ করে ওই বয়সি কচিকাঁচাদের মধ্যে। তবে ঠিক এর বিপরীত চিত্র ধরা পড়েছ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয়। সেখানে দেশের নিরাপত্তায় নিয়োজিত এক জওয়ানের প্রতি এক শিশুর ভালবাসা ও শ্রদ্ধাজ্ঞাপনের বিরল দৃশ্য ফুটে উঠেছ। নেটাগরিকদের মন জয় করে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফের এক্স হ্যান্ডল থেকে। একটি ছোট্ট শিশুকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এক সিআইএসএফ কর্মীকে অভিবাদন জানাতে দেখা যায়। সারল্য ও মুগ্ধতায় ভরা এই সংক্ষিপ্ত আলাপটি নেটমাধ্যমে ঝড় তুলেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিশুটি মেট্রো স্টেশনে মোতায়েন সিআইএসএফ কর্মীদের দিকে এগিয়ে যাচ্ছে। ভয় বা জড়তা ছাড়াই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে শিশুটি প্রথমে সুন্দর করে স্যালুট জানায়। তার পর সে যা করে তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। শিশুটি অফিসারের পা ছোঁয়ার জন্য ঝুঁকে পড়ে। শিশুর এই সৌজন্যে দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন ওই সিআইএসএফ কর্মী।
ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘দিল্লি মেট্রোতে এটি একটি হৃদয়স্পর্শী মুহূর্ত। এক ছোট্ট শিশু গর্বের সঙ্গে কর্তব্যরত সিআইএসএফ কর্মীদের স্যালুট জানাচ্ছে। যাঁরা দেশের জন্য সেবা করেন ও সুরক্ষা দেন, তাঁদের প্রতি কনিষ্ঠতম নাগরিকদেরও যে শ্রদ্ধা, বিশ্বাস এবং প্রশংসা রয়েছে তারই উদাহরণ এই দৃশ্য।’’
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শিশুর পারিবারিক শিক্ষা ও আচরণের অকুণ্ঠ প্রশংসা করেছেন নেটাগরিকেরা। আবার বহু নেটাগরিকই সিআইএসএফ কর্মীদের নিষ্ঠার কথা উল্লেখ করেছেন। প্রতি দিন লক্ষ লক্ষ যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের নীরব ভূমিকার জন্য সিআইএসএফ কর্মীদের সাধুবাদ জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরাও।