ছবি: সংগৃহীত।
গতির নেশায় নিয়ন্ত্রণ হারিয়ে ৪ কোটি টাকার ফেরারি গাড়ির অবস্থা হল মুড়ির টিনের মতো। ভয়াবহ এক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল কয়েক কোটির বিলাসবহুল গাড়িটি। হায়দরাবাদের জুবিলি হিলসে তেলুগু অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের বাড়ির কাছে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মেরে বসে। আহত হন বেশ কয়েক জন পথচারীও। রবিবারের সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সকাল সাড়ে দশটা নাগাদ ব্যস্ত ও যানবাহনভর্তি রাস্তা দিয়ে লাল রঙের ফেরারি গাড়িটি দ্রুত গতিতে ছুটে আসছিল। হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি লেন থেকে ছিটকে সরে গিয়ে পাশের রাস্তার উপর পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি গাড়িই চিঁড়েচ্যাপ্টা হয়ে গিয়েছে। ফেরারি গাড়িটির সামনের অংশ তুবড়ে গিয়েছে। ছাদের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। যে গাড়িটিকে ধাক্কা মারে ফেরারিটি সেটির অবস্থাও তথৈবচ। রাস্তায় চারদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা গাড়ির অংশ। বেশ কয়েকটি পার্ক করা গাড়ি এবং দু’চাকায় ধাক্কা খায় গাড়িটি। পর পর সংঘর্ষের শব্দ শুনে স্থানীয় লোকজন ও পথচারীরা ছুটে আসেন।
এই ঘটনায় বেশ কয়েক জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য ক্ষতিগ্রস্ত যানবাহনগুলি সরিয়ে ফেলার কাজ শুরু করে। ভিডিয়োটি ‘করিনাসুয়ারেস’ নামের একটি এক্স হ্যান্ডলে পোস্ট করতেই বহু মানুষ গাড়ির দুর্দশা দেখে দুঃখপ্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘দামি গাড়ি চড়ার শখের খেসারত দিতে হবে মালিককে।’’