viral video

ঠিক যেন সিনেমার দৃশ্য, জমা জলের বুক চিরে এগিয়ে আসছে বন্দে ভারত! জলবন্দি মুম্বইয়ের ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে কঞ্জুর মার্গ স্টেশনের কাছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতেও জলমগ্ন লাইনের মধ্যে দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে দিব্যি জল কেটে এগিয়ে যেতে দেখা যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৮:০৮

ছবি: সংগৃহীত।

ঠিক যেন বিদেশের বিনোদন পার্কের দৃশ্য। জমা জলের বুক চিরে নেমে আসা ‘জয় রাইড’। তেমনই এক দৃশ্যের সাক্ষী রইল মুম্বই। রেললাইনে জল জমার পর সেই ট্র্যাক ধরে এগিয়ে আসছে বন্দে ভারত। ট্রেনটি যখন জলের মধ্যে দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে, দু’পাশে জমে থাকা জল ফোয়ারার মতো ছিটকে পড়ছে। এই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নেটাগরিকদের নজর কেড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে কঞ্জুর মার্গ স্টেশনের কাছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতেও জলমগ্ন লাইনের মধ্যে দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে দিব্যি জল কেটে এগিয়ে যেতে দেখা যায়। ট্রেনটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দু’পাশে জলের তোড় ছিটকে পড়তে দেখা যায়। জলের ফোয়ারা উঁচু সেতু পর্যন্ত পৌঁছে যায়। রেললাইনে জমে থাকা বৃষ্টির জলের মধ্যে দিয়ে সেমি-হাই-স্পিড ট্রেনটি স্থির গতিতে এগিয়ে চলেছে এবং যাওয়ার সময় দু’পাশে জলের ছিটে উড়ে যাচ্ছে। এই অসাধারণ দৃশ্য হাজার হাজার দর্শককে মুগ্ধ করেছে এবং অনেকেই এই দৃশ্যটিকে চিত্তাকর্ষক বলে অভিহিত করেছেন।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘মেহতাউদিত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু মানুষের নজরে পড়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক দিকে, অনেকেই বন্দে ভারত এক্সপ্রেসের কারিগরি সক্ষমতার প্রশংসা করেছেন, যা অনায়াসে জলমগ্ন রেলপথ অতিক্রম করেছে। অন্য দিকে, রেললাইনে এতটা জল জমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটাগরিকই। পাশাপাশি, বর্ষাকালে মুম্বইয়ে বার বার সমস্যার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক জল জমার সমস্যা সত্ত্বেও রেল চলাচল বেশির ভাগ ক্ষেত্রেই স্বাভাবিক রয়েছে। তবে ট্র্যাকের অবস্থা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে রেলের কর্মকর্তারা নজরদারি বাড়িয়ে কয়েকটি রুটে ট্রেন স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে চালাচ্ছেন। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রেল কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। যতটা সম্ভব ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে রেল বলে খবর।

Advertisement
আরও পড়ুন