ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্বাস্থ্যপরীক্ষার সময় এমআরআইয়ের জন্য শুইয়ে দেওয়া হয়েছিল এক বালককে। কিন্তু মেশিনটি চালু হতেই ভয় পেয়ে গেল সে। কান্নাকাটি জুড়ে বসল ছোট্ট বালক। ছেলেকে শান্ত করতে তাকে জড়িয়ে মেশিনের ভিতর উপুড় হয়ে শুয়ে পড়লেন তার বাবা। বাবাকে পাশে পেয়ে শান্ত হয় ছেলেটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মিমএক্সস্পোর্ট.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এমআরআই মেশিনে শুয়েছিল এক বালক। তার হাত ধরে উপুড় হয়ে শুয়েছিলেন এক তরুণ। জানা গিয়েছে, এমআরআই মেশিন চালু হতে ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল বালকটি।
পুত্রসন্তানকে ভয় পেতে দেখে আর স্থির থাকতে পারলেন না তার বাবা। তিনিও উপুড় হয়ে মেশিনে শুয়ে পড়লেন। ছেলের হাত শক্ত করে ধরে রাখলেন তিনি। বাবাকে পাশে পেয়ে শান্ত হল বালক। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সন্তানদের সব সময় ‘দুধে-ভাতে’ রাখতে চান তার বাবা-মায়েরা। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’