ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরে সাপ ঢুকেছিল। বনদফতরের লোক ডাকার ঝক্কি না নিয়ে তরুণ নিজেই ঘর থেকে সেই সাপ তাড়ানোর সিদ্ধান্ত নিলেন। সেটির লেজ টেনে বাইরে বার করলেন। কিন্তু তার পর আর সামলাতে পারলেন না। সরীসৃপটি নড়াচড়া করে উঠতেই সেটিকে ছুড়ে ফেলে দৌড় দিলেন তরুণ। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে সুরতে। ভিডিয়োর ক্যাপশনে সাপটি তরুণকে কামড়েছে লেখা থাকলেও তেমনটা ভিডিয়োয় হতে দেখা যায়নি। যদিও সাপটিকে বিষাক্ত নয় বলে জানানো হয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতর থেকে লেজ টেনে সাপ বার করছেন এক তরুণ। তরুণের পরনে রয়েছে সাধারণ জামা আর প্যান্ট। সাপের ছোবল থেকে বাঁচার জন্য আলাদা কোনও ব্যবস্থা নেননি তিনি। সাপ ধরার কোনও যন্ত্রপাতিরও বালাই নেই। খালি হাতে লেজ টেনে সর্প দমনে মাঠে নেমেছেন তরুণ। ঘর থেকে সেটিকে টেনে বারও করলেন তিনি। কিন্তু দু’পা এগোতেই হল মুশকিল। চুপচাপ হার স্বীকার করে নেওয়া সরীসৃপটি এ বার নড়েচড়ে উঠল। লাফিয়ে লাফিয়ে কামড়াতে গেল তরুণকে। তরুণ তা সত্ত্বেও সাহস করে সেটিকে বাগে এনে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। কিন্তু সাপটি আবার লাফিয়ে গেল তাঁকে কামড়াতে। পায়ে ছোবল বসিয়েই দিচ্ছিল, ঠিক সেই সময়ই তরুণ সাপটিকে ফেলে দিয়ে দৌড় লাগালেন। সাপটি আবার নড়েচড়ে অন্য এক বাড়ির তলায় ঢুকে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় নয় লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। তিন হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরে গিয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রিল দেখে সাপ ধরতে গেলে এমনটাই হয়।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সাপ ধরা কোনও মজার বিষয় নয়, এ সব কাজ নিজে না করাই ভাল।’’