Viral Video

‘১৮-২০ বছরের মেয়ে আছে’, যৌন পরিষেবা নেওয়ার জন্য বিদেশি পর্যটককে জোর দিল্লির অটোচালকের! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেভিডজিয়াও’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮
Video claims Delhi auto driver allegedly offers to arrange bizarre service for foreigner, internet reacts

নেটপাড়ার ক্ষোভের মুখে পড়া সেই অটোচালক। ছবি: ইনস্টাগ্রাম।

টাকার বিনিময়ে যৌন পরিষেবা পাইয়ে দেওয়ার দাবি! বিদেশি পর্যটককে জোরাজুরি করায় ক্ষোভের মুখে পড়লেন দিল্লির এক অটোচালক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নিন্দার ঝড়ও শুরু হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বিদেশি পর্যটককে অর্থের বিনিময়ে যৌন পরিষেবা পাইয়ে দেবেন বলে জোরাজুরি করছেন দিল্লির এক অটোচালক। ওই বিদেশি পর্যটক রাজি না হওয়া সত্ত্বেও বার বার জোর করতে দেখা যায় তাঁকে। অটোচালককে ভাঙা ভাঙা ইংরেজিতে বলতে শোনা যায়, “যদি আপনি রাজি হন, তা হলে ১৮-২০ বছর বয়সি ভাল মেয়ে জোগাড় করে দিতে পারি। ৪০-৫০ বছর বয়সি মহিলাদের মতো নয়। ভাল লাগবে। সামনেই কামরা আছে। ওখানেই নিয়ে যাব আপনাকে। বেশি ক্ষণ লাগবে না। কুড়ি মিনিটে হয়ে যাবে।’’ তবে শেষপর্যন্ত অটোচালকের প্রস্তাবে রাজি হননি ওই পর্যটক। বার বার আপত্তি করতে থাকেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেভিডজিয়াও’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। পুলিশকে ট্যাগ করে ওই অটোচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার বিদেশি অতিথিদের প্রতি ভারতীয়দের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বিদেশি পর্যটকের সঙ্গে এ রকম ব্যবহার! এমন অনুপযুক্ত প্রস্তাব! এ জন্যই দেশের নাম খারাপ হয়। অটোচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’’ অন্য এক নেটাগরিক আবার লিখেছেন, ‘‘দয়া করে এই অটোচালককে ২০ মিনিট ধরে ডান্ডা মারতে মারতে জেলে নিয়ে যাওয়া হোক। আর এই ধরনের মানুষদের থেকে সবাই খুব, খুব সাবধানে থাকবেন।’’

Advertisement
আরও পড়ুন