Viral Video

বিনামূল্যে শসা খাওয়ার ছক পুলিশের, ২০ টাকা চেয়ে মার খেলেন বিক্রেতা! ভিডিয়ো দেখে ধিক্কার জানাল নেটপাড়া

শসা খেয়ে টাকা দিতে চাইলেন না পুলিশ। এ নিয়ে বেধে গেল হুলস্থুল। সেই পুলিশ ধমক দিলেও চুপ করলেন না বিক্রেতা। শেষ পর্যন্ত কী হল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন এক সব্জিবিক্রেতা। সব্জিবিক্রেতার দাবি, সেই পুলিশ তাঁর দোকান থেকে শসা খেয়েছেন কিন্তু টাকা দিতে চাইছেন না। এ নিয়ে বেধে গেল হুলস্থুল। সেই পুলিশ ধমক দিলেও চুপ করলেন না বিক্রেতা। শেষ পর্যন্ত কী হল? সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুটপাতে দাঁড়িয়ে রয়েছেন এক পুলিশ। তাঁর চোখেমুখে বিড়ম্বনার ছাপ স্পষ্ট। শোনা গেল এক ব্যক্তির গলা। তিনি পুলিশের দিকে মোবাইলের ক্যামেরা ধরে দাঁড়িয়ে ভিডিয়োটি করছেন। সেই ভিডিয়োয় পুলিশের বিরুদ্ধে থাকা সকল অভিযোগ উগরে দিলেন তিনি। সেই ব্যক্তি পেশায় সব্জিবিক্রেতা। তাঁর দাবি, সেই পুলিশ এসে তাঁর দোকানে শসা খেয়েছেন কিন্তু পয়সা দিতে চাইছেন না। উল্টে মারার হুমকি দিচ্ছেন। সব্জিবিক্রেতার মুখে নিজের নামে এ-হেন কথা শুনে রেগে গেলেন পুলিশ। ছুটে এলেন তাঁকে মারার জন্য। সব্জিবিক্রেতার দাবি, সেই পুলিশ কুড়ি টাকার শসা খেয়েছেন কিন্তু টাকা দিতে চাইছেন না। রাস্তার লোকজন জড়ো হয়ে গেল। সব্জিবিক্রেতা তাঁদের কাছেও নালিশ জানালেন। পুলিশ পাল্টা বলতে লাগলেন যে সব্জিবিক্রেতা তাঁর কাছে বেশি টাকা চাইছেন। শেষমেশ পরিস্থিতির চাপে তিনি টাকা দিতে বাধ্য হলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অনিল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৯৮ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। আট হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যবাক্সে পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘পুলিশের কাছে ২০ টাকা নেই?’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এমন পুলিশের নামে থানায় গিয়ে নালিশ করা উচিত।’’

Advertisement
আরও পড়ুন