ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গলায় ব্লুটুথ ইয়ারফোন গলিয়ে মন দিয়ে রান্নাঘরের কাজ সারছিলেন মহিলা পরিচারিকা। গ্যাস অভেনের তলা পরিষ্কার করছিলেন তিনি। তখনই পরিচারিকাকে ডাক দেন তাঁর মালকিন। তাঁর জন্য উপহার এনেছেন প্রৌঢ়া। তা দেখাতেই পরিচারিকাকে বেডরুমে ডাকলেন প্রৌঢ়া মালকিন। হাসিমুখে মালকিনের পিছন পিছন ঘরে ঢুকে গেলেন পরিচারিকা। ঘরের ভিতর বড় বাক্স দেখিয়ে মালকিন জানালেন, পরিচারিকাকে এই গরমের জন্য এয়ার কুলার উপহার দিয়েছেন তিনি। তা শুনে আনন্দে প্রৌঢ়াকে জড়িয়ে ধরলেন সেই পরিচারিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লাইফঅফকোকোঅ্যান্ডচিকো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক পরিচারিকা রান্নাঘরে গ্যাস অভেনের তলা পরিষ্কার করছিলেন। তখন তাঁর প্রৌঢ়া মালকিন বেডরুমে ডেকে নিয়ে গেলেন তাঁকে।
পরিচারিকাকে একটি বড় বাক্স উপহার দিয়ে তিনি বললেন, ‘‘এত গরমে খুব কষ্ট হবে ভেবে তোমায় এয়ার কুলার উপহার দিলাম।’’ মালকিনের কথা শুনে অবাক হয়ে যান পরিচারিকা। পরে আনন্দ ধরে রাখতে না পেরে মালকিনকে জড়িয়ে ধরেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে নেটাগরিকেরা প্রশংসা করে লিখেছেন, ‘‘সত্যিই এত সুন্দর পদক্ষেপ! এই গরমের মধ্যে এয়ার কুলারের চেয়ে ভাল উপহার আর হয় না।’’