Viral Video

রোদ থেকে বাঁচতে গিয়ে বিপত্তি, মাথায় আটকে গেল ১০ কেজি ওজনের দুধের পাত্র, তার পর… ভিডিয়ো ভাইরাল

১০ কেজি ওজনের দুধের পাত্র মাথায় চাপিয়ে ঘোরা কি আর চাট্টিখানি কথা! দীর্ঘ ক্ষণ মাথা ঢুকিয়ে রাখার ফলে দুধের পাত্রটি চেপে বসেছিল। শত চেষ্টার পরেও আর মাথা থেকে দুধের পাত্রটি বার করতে পারছিলেন না কালুরাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:৪৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রোদের প্রখর তাপ থেকে রেহাই পেতে মাথায় দুধের ক্যান চাপিয়ে ফেলেছিলেন এক তরুণ। ১০ কেজি ওজনের দুধের পাত্র টুপির মতো ‘পরে’ বাইকে চেপে যাচ্ছিলেন তিনি। কিন্তু পাত্রের ভিতর মাথা ঢুকিয়ে ফেললেও আর বার করতে পারলেন না। দু’ঘণ্টার চেষ্টায় কাটার যন্ত্র ব্যবহার করে দুধের পাত্র কেটে তরুণকে উদ্ধার করা হল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যভারতপোস্ট_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বাইকের পিছনে বসে রয়েছেন। তাঁর মাথায় রয়েছে দুধের পাত্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই তরুণের নাম কালুরাম রেবাড়ি। রাজস্থানের মাধোগঢ় গ্রামের বাসিন্দা তিনি। সকালে গম সরবরাহ করতে বেরিয়েছিলেন কালুরাম। বাইরে প্রচণ্ড গরম থাকায় রোদের তাপ থেকে বাঁচতে হাতের কাছে পাওয়া দুধের পাত্রটির টুপির মতো পরে নিয়েছিলেন তিনি।


১০ কেজি ওজনের দুধের পাত্র মাথায় চাপিয়ে ঘোরা কি আর চাট্টিখানি কথা! দীর্ঘ ক্ষণ মাথা ঢুকিয়ে রাখার ফলে দুধের পাত্রটি চেপে বসেছিল। শত চেষ্টার পরেও আর মাথা থেকে দুধের পাত্রটি বার করতে পারছিলেন না কালুরাম। পাত্রটি ফাঁকা থাকলে না হয় সেখানে ১৫ লিটার দুধ ভরা যেত। কালুরামের মাথা থেকে সেই পাত্র বার করার দায়িত্ব কাঁধে নিলেন স্থানীয়েরা। নানা রকম যন্ত্র দিয়ে দুধের পাত্রটি কাটতে শুরু করলেন তাঁরা। কালুরাম দু’ঘণ্টা ধরে মাটিতে চুপচাপ শুয়ে রইলেন। দু’ঘণ্টার চেষ্টায় মুক্ত হলেন কালুরাম। পাত্রটি নষ্ট হল ঠিকই, কিন্তু কালুরাম উদ্ধার হলেন।

Advertisement
আরও পড়ুন