Viral Video

দুঃসাহসিক ভিডিয়ো তৈরির খেসারত, খাড়া পাহাড়ে সাইকেল চালাতে গিয়ে ভয়ঙ্কর বিপদে তরুণী! ভিডিয়ো ভাইরাল

এক তরুণী খাড়া পাহাড় দিয়ে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হড়কে নীচে পড়ে যান। সাইকেল নিয়ে কিছুটা গড়িয়ে গিয়ে পাথরে পা আটকে নিজেকে সামলান তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৭:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পেশায় নেটপ্রভাবী তরুণী। সমাজমাধ্যমে লক্ষ লক্ষ অনুগামীও রয়েছে তাঁর। নতুন ভিডিয়ো বানাবেন বলে ৩৬০ ডিগ্রি ক্যামেরার পাশাপাশি পোষ্যের মাথায় একটি ছোট ক্যামেরা বেঁধে দিয়েছিলেন তিনি। খাড়া পাহাড়ে সাইকেল চালাচ্ছিলেন তরুণী। তাঁকে সঙ্গ দিতে ছুটছিল আদরের পোষা কুকুর। সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হড়কে পড়ে যান তরুণী। সাইকেল নিয়ে হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়েন তিনি। মালকিনের বিপদ দেখে সে দিকে ছুটে যায় তাঁর পোষ্য। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এল এসপানোল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী খাড়া পাহাড় দিয়ে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হড়কে নীচে পড়ে যান। সাইকেল নিয়ে কিছুটা গড়িয়ে গিয়ে পাথরে পা আটকে নিজেকে সামলান তরুণী। স্পেনের বাসিন্দা সেই তরুণীর নাম সেসিলিয়া সোপেনা। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে উপার্জন করেন তিনি।

অ্যাডভেঞ্চারের শখ চেপে বসে সেসিলিয়াকে। খাড়া পাহাড়ে সাইকেল চালিয়ে দুঃসাহসিক ভিডিয়ো বানাতে চেয়েছিলেন তিনি। তাই ৩৬০ ডিগ্রি ক্যামেরার পাশাপাশি পোষ্যের মাথায়ও ক্যামেরা বেঁধে দিয়েছিলেন তরুণী। দুর্ঘটনার পুরো অংশটিই ক্যামেরায় ধরা পড়ে। কোনও মতে নিজেকে সামলে সাইকেল নিয়ে আবার উঠে পড়েন সেসিলিয়া। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সকলে সেই তরুণীর সাহসের প্রশংসা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণী এমন কঠিন পরিস্থিতিতেও দিশেহারা হয়ে যাননি। তাঁর সাহসকে কুর্নিশ জানাই।’’

Advertisement
আরও পড়ুন