Viral Video

ছাদে যাত্রী চাপিয়ে অনিয়ন্ত্রিত গতিতে অন্য গাড়িকে টেক্কার চেষ্টা! পাল্টি খেয়ে ছিটকে গেল বাস, ভাইরাল ভিডিয়ো

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাঁধের নীচে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়ির জানালাগুলি ভেঙে যায়। দীর্ঘ ক্ষণ বাসের ভিতরেই আটকা পড়েন যাত্রীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৭:৫৮
Video shows a Karachi–Keenjhar tourist bus overturns in Pakistan, over 20 passengers injured

দুর্ঘটনার মুহূর্তের ছবি। ছবি: এক্স থেকে নেওয়া।

ভিতরে ভিড়ে ঠাসা। ছাদেও বসানো হয়েছে অনেককে। তার মধ্যেই অনিয়ন্ত্রিত গতিতে সামনের গাড়িকে টেক্কা দেওয়ার চেষ্টায় পাল্টি খেয়ে গেল একটি বাস। রবিবার পাকিস্তানের করাচিতে মারাত্মক সেই দুর্ঘটনাটি ঘটেছে। করাচি-থাট্টা মহাসড়কে করাচি থেকে কিঞ্জর লেকগামী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায়। সেই ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। ঘটনাটির একটি ভিডিয়োও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাঁধের নীচে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়ির জানালাগুলি ভেঙে যায়। দীর্ঘ ক্ষণ বাসের ভিতরেই আটকা পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল এবং সেবাকর্মীরা। যাত্রীদের বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য থাট্টা এবং করাচির হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, আহতদের বেশির ভাগেরই হাড় ভেঙেছে। অনেকের হাত-পা থেঁতলে গিয়েছে। মাথাতেও চোট পেয়েছেন অনেকে। তবে সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ। ভাইরাল হওয়া ভিডিয়োতেও তেমনটাই ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা যাত্রীদের নিয়ে অন্য একটি বাসকে টেক্কা দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাসটির ছাদেও অনেক যাত্রী বসে ছিলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। যান্ত্রিক ত্রুটি না চালকের ভুল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, বাসটি ধারণক্ষমতার থেকে বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর।

দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হাইপ পাকিস্তান’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন