Viral Video

‘বেতন কম, কাজের পরিবেশও খারাপ’, অভিযোগ করে দেড় হাজার কোটি টাকার গুদামে আগুন কর্মীর! ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, গুদামটি কিম্বার্লি-ক্লার্ক সংস্থার। সংস্থাটি হাগিস এবং ক্লিনিক্সের মতো ব্র্যান্ডের মালিক। সাউথ হেলম্যান অ্যাভিনিউ এবং মেরিল অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত ১২ লক্ষ বর্গফুটের গুদামটিতে রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ আগুন ধরানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৬:৫২
Video shows employee set warehouse on fire over low pay in Canada

দাউ দাউ করে জ্বলছে দেড় হাজার কোটি টাকার গুদাম। ছবি: এক্স থেকে নেওয়া।

কম বেতনে অসন্তুষ্ট। রেগে গিয়ে ১৫.৬ কোটি ডলারের (প্রায় দেড় হাজার কোটি টাকা) গুদামে আগুন ধরিয়ে দিলেন কর্মী। মঙ্গলবার কানাডার অন্টারিয়োর কিম্বার্লি-ক্লার্ক সংস্থার বিশাল গুদামে এই অগ্নিকাণ্ডটি ঘটে। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভি়ডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুদামে আগুন ধরানো অভিযুক্ত কর্মীর নাম চামেল আব্দুল করিম। ২৯ বছর বয়সি চামেল হাইল্যান্ডের বাসিন্দা। জানা গিয়েছে, কাজের পরিবেশ এবং বেতন নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। এ নিয়ে কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েওছিলেন। শেষমেশ রেগে গিয়ে মঙ্গলবার সংস্থার ওই গুদামে আগুন ধরিয়ে দেন তিনি।

জানা গিয়েছে, গুদামটি কিম্বার্লি-ক্লার্ক সংস্থার। সংস্থাটি হাগিস এবং ক্লিনিক্সের মতো ব্র্যান্ডের মালিক। সাউথ হেলম্যান অ্যাভিনিউ এবং মেরিল অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত ১২ লক্ষ বর্গফুটের গুদামটিতে রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ আগুন ধরানো হয়। গুদামটিতে কাগজের রুমাল এবং টয়লেট পেপারের মতো পণ্য মজুত করা ছিল। প্রায় ৫ কোটি মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হত গুদামটি থেকে।

আগুন লাগার সময় গুদামের ভিতর ২০ জন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন। আগুন ধরানোর পরেই চামেলের খোঁজ শুরু হয়। মনে করা হচ্ছিল ওই কাণ্ড ঘটিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বর্তমানে তিনি র‍্যাঞ্চো কুকামোঙ্গার ওয়েস্ট ভ্যালি কারাগারে বন্দি।

ইনস্টাগ্রামে চামেলের নামে শেয়ার করা একটি ভিডিয়োয় তাঁকে গুদামের ভিতরে হাঁটতে, জিনিসপত্রে আগুন ধরাতে এবং সংস্থা সম্পর্কে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে। আগুন ধরানোর কারণে টয়লেট পেপারের প্যাকেটগুলি মুহূর্তে জ্বলে ওঠে। সেই আগুন দ্রুত গুদামের বাকি অংশে ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় একটি কন্ঠস্বরকে বলতে শোনা গিয়েছে, “বেঁচে থাকার জন্য আমাদের যথেষ্ট টাকা দিলেই হত। তোমরা আমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট টাকা দাও না। কিন্তু এই জিনিসগুলো একেবারে সস্তা।” এই বলে জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি খতিয়ে দেখা হয়েছে এবং তা ভুয়ো নয় বলেই অনুমান তদন্তকারীদের।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কিরা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন