শিশুকে নিয়ে বিপজ্জনক কাণ্ড ঘটালেন যুবক। ছবি: সংগৃহীত।
একতলার বারান্দার প্রান্তে দাঁড়িয়ে একরত্তি। নীচে দাঁড়িয়ে যুবক। রিল বানানোর জন্য সেখান থেকেই খুদেকে লাফ দেওয়ার ইশারা করলেন তিনি। লাফও দিল শিশুটি। শেষ মুহূর্তে তাকে ‘ক্যাচ’ ধরলেন ওই যুবক! সমাজমাধ্যমে সমালোচনার মুখেও পড়লেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে।যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোতলা বাড়ির একতলার বারান্দায় দাঁড়িয়ে রয়েছে এক শিশু। বারান্দার একদম প্রান্তে দাঁড়িয়ে রয়েছে সে। নীচে উঠোনে এক যুবক দাঁড়িয়ে রয়েছেন। তাঁর চোখ শিশুটির দিকে। এর পর ইশারা করে ওই শিশুকে একতলার বারান্দা থেকে লাফ দেওয়ার ইশারা করেন তিনি। সঙ্গে সঙ্গে লাফ দেয় শিশুটি। মাটিতে আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে তাকে ধরে ফেলেন যুবক। আবার এক বার তুলে দেন শূন্যে। হাসি-মজায় মেতে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, রিল বানানোর জন্য শিশুটিকে নিয়ে ওই বিপজ্জনক কাণ্ড ঘটিয়েছেন যুবক।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইনস্টা_বলিউড৮৬’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল এবং ‘মমতাসুলানিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। সমালোচনা-বিতর্কের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। যুবকের নিন্দায় সরব হয়েছে নেটপাড়া। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রিল তৈরির জন্য কোনও শিশুর সঙ্গে এমনটা করবেন না দয়া করে। ব়ড় বিপদ ঘটে যেতে পারত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘লজ্জা করে না? এই ধরনের ভিডিয়ো তৈরির উপর নিষেধাজ্ঞা থাকা উচিত। যুবককে চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হোক।’’ আবার ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ভিডিয়ো সত্যি তো? এখনকার দিনে কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিয়োর যা রমরমা, তাতে কোনও কিছুই বিশ্বাস করা কঠিন। তবে ঘটনাটি সত্যি হলে যথেষ্ট উদ্বেগের বিষয়।’’