Viral Video

যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ! রাস্তার পাইপ ফেটে ১৫০ ফুট উঠল জলের ফোয়ারা, ভাসিয়ে দিল এলাকা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ইনদওর-খাণ্ডওয়া রোডের ভেরুঘাটের কাছে ঘটনাটি ঘটে। ফলে বেশ কিছু ক্ষণের জন্য ওই পথে যান চলাচল বিঘ্নিত হয়। গ্রীষ্মকালে জলসঙ্কটের মধ্যে স্থানীয়দের মধ্যে আতঙ্কও সৃষ্টি করেছে ঘটনাটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১১:১৪
Video shows Narmada-Kshipra pipeline bursts in Madhya Pradesh’s Mhow, 150-foot water fountain seen

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তার পাইপ ফেটে আকাশে উঠে গেল বারিধারা। পৌঁছোল ১৫০ ফুট উঁচুতে! রবিবার সকালে মধ্যপ্রদেশের মহোয় নর্মদা-ক্ষিপ্রা পাইপলাইন ফেটে যাওয়ায় দেখা গেল তেমনই দৃশ্য। আকাশের দিকে জলের এক বিশাল ফোয়ারার সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ইনদওর-খাণ্ডওয়া রোডের ভেরুঘাটের কাছে ঘটনাটি ঘটে। ফলে বেশ কিছু ক্ষণের জন্য ওই পথে যান চলাচল বিঘ্নিত হয়। গ্রীষ্মকালে জলসঙ্কটের মধ্যে স্থানীয়দের মধ্যে আতঙ্কও সৃষ্টি করেছে ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের অনেকেই একটি বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনার কথা জানিয়েছেন। তাঁদের মতে, পাইপলাইনে জলের চাপ এতটাই বেশি ছিল যে জলের ফোয়ারাটি কাছের একটি হাইটেনশন বিদ্যুতের লাইনের সমান উঁচুতে উঠেছিল। প্রায় ১৫০ ফুট উঠে গিয়েছিল জলের ফোয়ারা। কয়েক মিনিটের মধ্যেই বিপুল পরিমাণ জলরাশি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়িতে ঢুকে গৃহস্থালীর জিনিসপত্র নষ্ট করে দেয়। এ ছাড়া বেশ কিছু জিনিস ভেসে যাওয়ায় স্থানীয়দের অনেকেরই হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলের কাছে বন বিভাগের একটি নার্সারিতে অবস্থিত প্রহরীর ঘরটি প্রবল স্রোতে ভেসে গিয়েছে বলেও খবর। স্থানীয়েরা আরও জানিয়েছেন যে, ভেরুবাবা মন্দিরের কাছে অবস্থিত একটি ধাবার টিনের চালও জলের তোড়ে ভেসে গিয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে জলের প্রবল স্রোত অব্যাহত ছিল। এর পর সকাল সাড়ে ৮টা নাগাদ জল সরবরাহ বন্ধ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, যে পাইপলাইনটি ফেটে বিপত্তি ঘটেছে, সেটি নর্মদা-ক্ষিপ্রা প্রকল্পের অংশ। ওমকারেশ্বর থেকে উজ্জৈন পর্যন্ত বিস্তৃত পাইপলাইনটি। এর আগে পাইপলাইনে সমস্যা থাকার অভিযোগ সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।

পাইপ ফেটে বিশৃঙ্খলা ছড়ানোর ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এমপি নিউজ়’ নামের স্থানীয় সংবাদমাধ্যমের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন