ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার ধারে উল্টে গিয়েছে নরম পানীয় বোঝাই লরি। মাঠের উপর পড়ে রয়েছে কয়েক হাজার নরম পানীয়ের বোতল। তা দেখে হাতে চাঁদ পেলেন স্থানীয়েরা। পুঁটলি বেঁধে তুলে নিয়ে যেতে থাকলেন নরম পানীয়ের বোতলগুলি। রাস্তার এক ধারে পড়ে থাকা আঘাতপ্রাপ্ত চালকের দিকে কেউ ফিরেও চাইলেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে উল্টে পড়ে রয়েছে একটি বড় ছয় চাকার লরি। সেই লরিতে থাকা নরম পানীয়ের বোতলগুলি সব পড়ে রয়েছে রাস্তাঘেঁষা মাঠের উপর। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে হাজার হাজার বোতল। সেগুলি তুলতে মাঠের মধ্যে জড়ো হয়েছেন স্থানীয়েরা। কেউ ব্যাগে করে নিয়ে যাচ্ছেন, কেউ আবার সঙ্গে এনেছেন বস্তা। কিছু তরুণ আবার বাইকের পিছনে বসিয়েও নিয়ে যাচ্ছেন নরম পানীয়ের বোতল। সেই লরির আঘাতপ্রাপ্ত চালককে বসে থাকতে দেখা গেল রাস্তার এক কোনায়। কিন্তু তাঁর দিকে কেউ ফিরেও চাইলেন না। সকলে নরম পানীয়ের বোতল লুটের কাজেই মগ্ন থাকলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। বহু মানুষ ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। আঘাতপ্রাপ্ত চালককে সাহায্য না করে নরম পানীয় লুটের কাণ্ডকে ঘৃণ্য বলেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এঁরা সবাই মানুষরূপী শকুন।’’