ভাইদের দেওয়া উপহার পেয়ে কেঁদে ফেললেন তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।
ভাই-বোনের সম্পর্ককে বিশ্বের অন্যতম সুন্দর সম্পর্ক হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু পঞ্জাবের লুধিয়ানার ভাই-বোনের সম্পর্কের একটি দৃষ্টান্ত মানুষের চোখে জল এনে দিয়েছে। সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পঞ্জাবের দুই ভাই তাঁদের এক মাত্র দিদিকে এমন একটি উপহার দিয়েছেন যে তিনি নিজেকে সামলাতে পারেননি। কেঁদে ফেলেছেন হাউ হাউ করে। কিন্তু কী সেই উপহার? ভিডিয়ো অনুযায়ী, দিদিকে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছেন ভ্রাতৃদ্বয়। দিদি যে মুহূর্তে বুঝতে পারেন যে নতুন বাড়িটি তাঁর, কেঁদে ফেলেন তিনি। সেই ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই যুবক তাঁদের এক মাত্র দিদিকে একটি নতুন বাড়ি উপহার দিয়েছেন। জানা গিয়েছে, বাড়িটির মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ভ্রাতৃদ্বয় দিদিকে বাড়িটি উপহার দিয়ে চমকে দেবেন ভেবেছিলেন। সেই ভেবে আমন্ত্রণও জানিয়েছিলেন দিদিকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ঢাক-ঢোল বাজিয়ে দিদিকে নতুন বাড়িতে এনেছেন দুই যুবক। তবে বাড়িটি তাঁর নামে হয়েছে জানার পরেই কেঁদে ফেলেন তরুণী। তাঁকে কাঁদতে দেখে দুই ভাইয়ের চোখেও জল চলে আসে। জড়িয়ে ধরেন দিদিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই তরুণী পরিবারের একমাত্র কন্যা সন্তান এবং তাঁর দুই ভাই সব সময় তাঁকে বিশেষ অনুভব করানোর চেষ্টা করেন। বাবার মৃত্যুর পর দুই ভাই-ই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে তাঁরা তাঁদের দিদিকে কোনও কিছুর অভাব বোধ করতে দেবেন না। এর আগেও দিদিকে গাড়ি এবং অন্যান্য দামি উপহার তাঁরা দিয়েছেন বলে জানা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ধরম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই দুই যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবেগাপ্লুতও হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ। নেটাগরিকদের অনেকে আবার নিজেদের ভাই-বোনের সম্পর্কের কথা মনে করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অনেকেই অর্থ উপার্জন করেন, কিন্তু খুব কম মানুষেরই দিদির জন্য এত ভালবাসা থাকে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা শুধু একটা বাড়ি নয়, এটা ভাইদের ভালবাসা। চোখে জল এসে গেল।’’