ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জ্বলন্ত আগ্নেয়গিরি। অনবরত বেরিয়ে চলেছে ছাই রঙের ঘন ধোঁয়া। কিন্তু নিষেধাজ্ঞা জারি করেও আটকানো গেল না পর্যটকদের। পাহাড়ে চড়া এবং প্রকৃতির রূপ দেখার নেশায় এগিয়ে গেলেন তাঁরা। কিন্তু কিছুটা গিয়েই বুঝতে পারলেন যে, প্রকৃতির এ রুদ্ররূপ তাঁদের জন্য নিরাপদ নয়। ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকোনোর ভয়ঙ্কর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুসারে, ৮ মে, শুক্রবার জেগে উঠেছে মাউন্ট ডুকোনোর জ্বালামুখ। মাউন্ট ডুকোনো পর্বতারোহীদের কাছে জনপ্রিয়। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্বতারোহীরা এখানে পর্বতারোহণ করতে আসেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে মাউন্ট ডুকোনো থেকে অগ্নুৎপাত শুরু হয়। চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ১৬ মিনিটেরও বেশি সময় ধরে সেই অগ্নুৎপাত চলে। কর্তৃপক্ষ থেকে মাউন্ট ডুকোনোয় পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু আনুমানিক ২০ জন পর্যটক তা উপেক্ষা করে পর্বতারোহণে যান। অবধারিত ভাবেই ঘটে বিপদ। পাহাড় থেকে বিপদের সঙ্কেত পেয়ে উদ্ধারকারীদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। শুক্রবার সন্ধ্যার মধ্যে ১৭ জনকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা গেলেও তিন জন পর্যটক প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। তাঁদের দেহ এখনও উদ্ধার করা যায়নি বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। সেই ১৭ জনের মধ্যে অনেকেই শরীরের নানা অংশে চোট পেয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্যটকদের পাহাড়ে উঠতে দেওয়ার নেপথ্যে কোনও পর্যটন সংস্থা জড়িত রয়েছে কি না তা তাঁরা খতিয়ে দেখছেন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্বালামুখ থেকে বেরিয়ে চলেছে ছাই রঙের গাঢ় ধোঁয়া। সেটির দিকে ক্যামেরা উঁচিয়ে এগিয়ে চলেছেন দু’জন পর্যটক। মাঝে দাঁড়িয়ে তাঁরা সেই ভয়ঙ্কর দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে লাগলেন। তার পর আবার এগোলেন। কিছুটা এগোতেই বুঝতে পারলেন প্রকৃতি কতটা ভয়ঙ্কর। নির্গত ধোঁয়ার তাপে আর বেশি দূর এগোতে পারলেন না দুই পর্যটক। সেই ধোঁয়া তাঁদের দিকে ধেয়ে আসতে লাগল। তাঁদের আগে ছিলেন তিন জন পর্যটক। চোখের সামনে তাঁদের ধোঁয়ায় মিলিয়ে যেতে দেখলেন পিছিয়ে পড়া দুই পর্যটক। বুঝতে পারলেন যে সেই তিন জন আর বেঁচে নেই। তাঁদের মৃত্যুর কথা বলতে বলতেই পাহাড় থেকে দৌড়ে নামতে লাগলেন দুই পর্যটক। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ তাদের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। ২০ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জ্বলন্ত আগ্নেয়গিরি দেখতে যাওয়ার শখকে ‘বোকামি’ বলেও মনে করেছে নেটপাড়া।