Viral Video

পাত্র-পাত্রীর দিকে তুবড়ি-বন্দুক তাক করে ট্রিগারে চাপ! বরের ঠাকুরমার কাণ্ডে বিয়ের মঞ্চে তুলকালাম, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুল, মালা দিয়ে সাজানো হয়েছে একটি বিয়েবাড়ি। তাঁবু খাটানো হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। তাঁদের ঘিরে দাঁড়িয়ে বন্ধুবান্ধব এবং কয়েক জন আত্মীয়। রয়েছেন এক বৃদ্ধাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৪:১৪
Video shows guests panic as elderly woman fires sparkle gun at Wedding

বৃদ্ধার কাণ্ডে হইচই। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। নববধূ এবং বরকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। অনেক সময় আবার আত্মীয়দের কাণ্ডে হাসির রোল ওঠে অনুষ্ঠানবাড়িতে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে এক বৃদ্ধা তুবড়ি-বন্দুক নিয়ে কেরামতি দেখাতেই হইচই পড়ল। বর, বধূ থেকে শুরু করে আত্মীয়স্বজন— যিনি যে দিকে পারেন দৌড়োলেন। পালিয়ে বাঁচলেন কোনও মতে। মজার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুল, মালা দিয়ে সাজানো হয়েছে একটি বিয়েবাড়ি। তাঁবু খাটানো হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। তাঁদের ঘিরে দাঁড়িয়ে বন্ধুবান্ধব এবং কয়েক জন আত্মীয়। রয়েছেন এক বৃদ্ধাও। তাঁর হাতে তুবড়ি-বন্দুক। হঠাৎই সেই বন্দুকের ট্রিগারে চাপ দেন তিনি। আগুনের ফুলকি বেরোতে শুরু করে বন্দুক থেকে। এর পর ওই বৃদ্ধা মঞ্চে উপস্থিত সকলের দিকে তাক করতে থাকেন তুবড়ি-বন্দুকটিকে। আগুনের ফুলকি ছিটকে এসে সকলের গায়ে লাগে। ভয়ে যিনি যে দিকে পারেন দৌড় দেন। ভয় পেয়ে যান পাত্র-পাত্রীও। তাঁরাও নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন। তবে বৃদ্ধার ওই কাণ্ড দেখে সকলেই হাসিতে ফেটে পড়েন। হাসতে থাকেন বৃদ্ধাও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, বরের ঠাকুরমা ওই বৃদ্ধা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মেরিবিল্লিমেনুমিও২’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। উদ্বেগও প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ঠাকুরমাই বিয়েবাড়ি জমিয়ে দিল। কী মজার ভিডিয়ো!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মজার বিষয় না। আগুনের ফুলকি থেকে বড় বিপদও ঘটে যেতে পারত। কাপড়ে আগুন লাগতে পারত। আগুন নিয়ে খেলা মোটেও ভাল জিনিস না। আরও সাবধানি হওয়া উচিত মানুষজনকে।’’

Advertisement
আরও পড়ুন