Sandeshkhali Incident

সন্দেশখালির ভেড়িতে মাছচোরদের হামলায় গুরুতর জখম ১৬ বছরের প্রহরী! আরজি করে চিকিৎসাধীন

সন্দেশখালিতে একটি মাছের ভেড়িতে প্রহরীর কাজ করেন ১৬ বছরের নাবালকের বাবা। শনিবার রাতে বাড়ির কাজে তিনি আটকে পড়ায় ছেলেকে পাঠিয়েছিলেন ভেড়ি পাহারা দিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৪:৪৬
Sandeshkhali Incident

(বাঁ দিকে) হাসপাতালে চিকিৎসাধীন জখম স্কুলছাত্র। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিবাদ (ডান দিক)। —নিজস্ব চিত্র।

মাছের ভেড়ি লুটে বাধা দেওয়ায় এক স্কুলছাত্রকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার সন্দেশখালির খড়িহাট। জখম নাবালকের নাম সূর্য মণ্ডল। ১৬ বছর বয়সি ছেলেটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তার শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় কলকাতার আরজি করে ভর্তি করাতে হয়েছে।

Advertisement

এলাকার একটি মাছের ভেড়িতে প্রহরীর কাজ করেন সূর্যের বাবা। শনিবার রাতে বাড়ির কাজে তিনি আটকে পড়ায় ছেলেকে পাঠিয়েছিলেন ভেড়ি পাহারা দিতে। অভিযোগ, রাতে ওই ভেড়িতে মাছ চুরি করতে যান এলাকারই দুই বাসিন্দা সত্যজিৎ জানা, বিশ্বজিৎ জানা এবং তাঁদের দলবল। তখন নাবালক পাহারাদার রুখে দাঁড়ায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান অভিযুক্তেরা।

ছেলেটির চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে পালিয়ে যান অভিযুক্তেরা। নাবালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূর্যের কাকিমা অঞ্জলি মণ্ডলের অভিযোগ, ‘‘সত্যজিৎ জানা এবং বিশ্বজিৎ জানা এলাকায় বহু দিন ধরেই লুটপাট চালিয়ে আসছে। অনেক বার অভিযোগ করা হয়েছে। ধরাও পড়েছে ওরা। কিন্তু আবার ওই কাজ করেছে। ওদের কঠিন শাস্তি চাই।’’

প্রসেনজিৎ দাস নামে এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘আমাদের গ্রামের মানুষের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন যে, এমন দুষ্কৃতী যারা এখনও ঘুরে বেড়াচ্ছে, মানুষ খুন করতে যাদের হাত কাঁপে না, তাদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত সাজা দেওয়া হোক। নইলে এলাকায় শান্তি ফিরবে না।’’

সন্দেশখালীর ন্যাজাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্তদের সকলে পলাতক বলে খবর।

Advertisement
আরও পড়ুন