ITBP Jawan Death

ফলতায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যজনক ভাবে মৃত্যু! নিছক দুর্ঘটনা না অন্য কোনও কারণ? তদন্তে পুলিশ

অসমের বাসিন্দা কনক কোচ ফলতা থানার দোস্তিপুর এলাকায় ভোটের ডিউটিতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৫
কনক

কনক ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের রহস্যজনক ভাবে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। মৃতের নাম কনক কোচ। আইটিবিপি-র কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

Advertisement

স্থানীয় এবং প্রশাসন সূত্রে খবর, অসমের বাসিন্দা কনক ফলতা থানার দোস্তিপুর এলাকায় ভোটের ডিউটিতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আইটিবিপি-র ৮৬ জন জওয়ানের থাকার ব্যবস্থা হয়েছে দোস্তিপুর হাই স্কুলে। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে সকলে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে শৌচাগার যেতে গিয়ে এক জওয়ান বারান্দায় কনককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি অন্য জওয়ানেরা তাঁকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই পরিণতি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। সে জন্য অপেক্ষায় পুলিশ।

Advertisement
আরও পড়ুন