Sonarpur Cut Money Row

‘কাটমানি’ নিয়ে ‘পলাতক’ তৃণমূলের নেতা! সোনারপুরে বাড়িতে বিক্ষোভের মুখে পড়ে অর্থ ফেরানোর আশ্বাস স্ত্রীর

সোনারপুরে সাঙ্গুর গ্রামের বাসিন্দা উপেন্দ্র মণ্ডল অনেক দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদেরও সরকারি আর্থিক সহায়তা পেয়ে একটি অংশ তুলে দিতে হয়েছে তাঁর হাতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৪:২৩
Sonarpur Agitation

সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

সরকারি প্রকল্পের সুবিধা পেতে কেউ ২ হাজার, কেউ ২৪ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন বলে অভিযোগ। তা ছাড়া এলাকায় জমি বিক্রি থেকে পারিবারিক বা প্রতিবেশীদের বিবাদ মেটানো— সব কিছুর জন্যই তৃণমূল নেতাকে টাকা দিতে হত বলে অভিযোগ। শুক্রবার সেই সমস্ত টাকা ফেরত চেয়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করলেন স্থানীয়েরা। অভিযুক্ত নেতাকে অবশ্য পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী আশ্বাস দিয়েছেন, ‘কাটমানি’র সমস্ত টাকা ফিরিয়ে দেবেন তাঁরা।

Advertisement

সোনারপুরে সাঙ্গুর গ্রামের বাসিন্দা উপেন্দ্র মণ্ডল অনেক দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদেরও সরকারি আর্থিক সহায়তা পেয়ে একটি অংশ তুলে দিতে হয়েছে তাঁর হাতে। স্থানীয়দের অভিযোগ, ৫০-৬০ জনের কাছ থেকে ৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন তিনি। ইচ্ছামতো তোলা তুলেছেন। শুধু আবাস যোজনাই নয়, সরকারি নানা প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার খবর পেলেই উপস্থিত হতেন তৃণমূল নেতা। শুক্রবার সেই সমস্ত মানুষ হাজির হন উপেন্দ্রের বাড়িতে। ক্ষুব্ধ এক গ্রামবাসীর কথায়, ‘‘আমাদের জব কার্ড, রেশন কার্ড ইত্যাদি জমা রেখে দিয়েছেন ওই তৃণমূল নেতা। কোথা থেকে টাকা দেবে বুঝে নিক। মারধরের আগে যেন টাকা ফিরিয়ে দেয় ও।’’

অভিযোগকারীদের দাবি, উপেন্দ্র যে কাটমানি নিতেন, সেখান থেকে একটি অংশ যেত স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশান্ত সর্দারের কাছে। তাঁর বাড়িতেও হাজির হয়েছিলেন সকলে। কিন্তু প্রশান্ত জানান, তিনি কোনও টাকা নেননি। যা করেছেন উপেন্দ্র করেছেন। এখন প্রশ্ন, কাটমানির ভাগ আদতে কত দূর পৌঁছেছে। আর কার কাছ থেকে তাঁরা সমস্ত টাকা ফেরত পাবেন। তৃণমূল নেতা উপেন্দ্রের স্ত্রী জানিয়েছেন, ধীরে ধীরে সমস্ত টাকা ফেরত দেবেন। তাঁর বাড়ির সামনে বিক্ষোভরত এক প্রৌঢ়ের প্রশ্ন, ‘‘এরা কী ভেবেছিল? তৃণমূল যত দিন থাকবে, তত দিন এ ভাবেই লোকজনের কাছ থেকে টাকা তুলেই যাবে? এখন সকলে দায় এড়াতে ব্যস্ত। কিন্তু আমরা আমাদের টাকা ফিরিয়ে ছাড়ব।’’

Advertisement
আরও পড়ুন