Aditi Munshi

রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী! বিজেপি বিধায়কের উপস্থিতিতেই তল্লাশি

অভিযোগ, সাধারণ মানুষের সাহায্যের জন্য সরকারি ভাবে বরাদ্দ করা ত্রাণসামগ্রী মানুষের মধ্যে বিতরণ না করে কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:২৬
উদ্ধার হওয়া ত্রাণসামগ্রী। নিজস্ব চিত্র।

উদ্ধার হওয়া ত্রাণসামগ্রী। নিজস্ব চিত্র।

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা কীর্তনশিল্পী অদিতি মুন্সির রাজারহাট-গোপালপুরের দলীয় কার্যালয় থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ওই কার্যালয়ে পৌঁছোন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর উপস্থিতিতে অদিতির দলীয় কার্যালয়ে চলল তল্লাশি।

Advertisement

বিজেপি বিধায়ক তরুণজ্যোতির অভিযোগ, দলীয় কার্যালয়ের একাধিক ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। তাঁর কথায়, ‘‘যে কাজগুলি পুলিশের করার কথা ছিল, সেগুলি আমাদের করতে হচ্ছে। অফিস থেকে ত্রিপল, শাড়ি, ধুতি-সহ প্রচুর জিনিস পাওয়া গিয়েছে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বাগুইআটি থানার পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষের সাহায্যের জন্য সরকারি ভাবে বরাদ্দ করা ত্রাণসামগ্রী মানুষের মধ্যে বিতরণ না করে কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। বিজেপি বিধায়কের অভিযোগ, আরও অনেক ত্রাণসামগ্রী মজুত ছিল, সেগুলি আগেই সরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় অদিতি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি। তাঁর দাবি, মানুষের জন্য বরাদ্দ ত্রাণ আটকে রেখে দলীয় অফিসে মজুত করা হয়েছিল। পাশাপাশি, ওই কার্যালয় থেকে নেশার সামগ্রীও উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে এলাকায়। যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাগুইআটির ৪৪ নম্বর বাস স্ট্যান্ডে অদিতি মুন্সির অফিসের পর বিধান নগরের ১৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ইন্দ্রনাথ বাগুইয়ের অফিস থেকে দলিল, বালতি, অস্ত্র উদ্ধারের অভিযোগ উঠেছে। বাগুইহাটি থানার পুলিশ সব বাজেয়াপ্ত করেছে।

Advertisement
আরও পড়ুন