শওকত মোল্লা। —ফাইল চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তিনটি অঞ্চলে সরকারি ঘরের টাকা তিনি বন্ধ করে দিয়েছেন বলে আস্ফালন শোনা গেল ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূলের পর্যবেক্ষক সওকাত মোল্লার গলায়। রবিবার দলের এক অনুষ্ঠানে প্রাণগঞ্জ অঞ্চলে সওকাত বলেন, ‘‘দাদার খাবে আর মামার নাম করবে, এ সব হবে না। তিনটি অঞ্চলে (যেখানে গত লোকসভা ভোটে আইএসএফের কাছে পিছিয়ে ছিল তৃণমূল) সরকারি প্রকল্পে ঘরের টাকা বন্ধ করে দিয়েছি। বাপের বেটা হলে সেই টাকা উদ্ধারকরে নাও।’’
তিনি আরও বলেন, ‘‘ভাঙড়ে যারা তৃণমূলের বিরোধিতা করবে, তারা সরকারি কোনও সুযোগ-সুবিধা পাবে না।’’ চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট ১ অঞ্চলে সরকারি প্রকল্পে ঘরের টাকা বন্ধ করা হয়েছে কি না এ প্রসঙ্গে ভাঙড় ২ ব্লক প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নেই।’’
আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেকের প্রতিক্রিয়া, ‘‘সওকাত মোল্লা সাধারণ মানুষের প্রতি আস্থা-ভরসা হারিয়ে ফেলেছেন। তাই বেছে বেছে আইএসএফ কর্মীদের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার কথা বলছেন।’’