Abhishek Banerjee's Residence

কালীঘাটে অভিষেকের বাড়িতে ফিতে হাতে পুরসভার কর্মীরা! নির্মাণ বেআইনি কি না বুঝতে বাইরের অংশে চলছে মাপজোক

কালীঘাটের ওই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সেখানে গিয়েছেন পুরসভার কর্মীরা। ফুটপাত ছেড়ে ওই ভবনের সীমানা প্রাচীর তোলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৩:৩৮
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মাপজোক করতে শুরু করল পুরসভা। মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যান পুরসভার কর্মীরা। ফিতে নিয়ে মাপজোক শুরু করেন তাঁরা।

Advertisement

পুরসভার কর্মীরা যখন কালীঘাটের বাড়িতে মাপজোক করে যান, অভিষেক সে সময়ে বাড়িতে ছিলেন না। সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন। ‘ডিজে বাজানো’ সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মঙ্গলবার তাঁকে তলব করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। এক দিকে যখন ভবানী ভবনে সিআইডির প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তখন তাঁর কালীঘাটের বাড়ির বাইরে মাপজোক শুরু করেন পুরসভার কর্মীরা।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কালীঘাটের পটুয়াপাড়ার ওই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সেখানে গিয়েছেন পুরসভার কর্মীরা। ফুটপাত ছেড়ে ওই ভবনের সীমানা প্রাচীর তোলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

অভিষেকের বাড়ির পিছন দিকের সীমানা প্রাচীরে যে কালো রঙের গেট রয়েছে, সেটি ফিতে দিয়ে মেপে দেখেন পুরসভার কর্মীরা। ফুটপাথ থেকে ওই ভবনের দূরত্ব কতটা রয়েছে, কতটা জায়গা ছাড় দেওয়া হয়েছে, তা-ও মেপে দেখেন তাঁরা। অভিষেকের ওই বাড়ির পাশে একটি সেলুন রয়েছে। সেটির ভিতরে গিয়েও মাপজোক করেন পুরসভার কর্মীরা। ভবনের নিয়ম মেনে তৈরি হয়েছে কি না, মূলত সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হয় মঙ্গলবার। পুরসভা কর্মীদের সঙ্গে কিছু নকশাও ছিল। অনুমান করা হচ্ছে, তা বিল্ডিং প্ল্যানের অংশ। অভিষেকের বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই নকশাও মিলিয়ে দেখেন তাঁরা।

সম্প্রতি অভিষেকের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। পরবর্তী সময়ে পুরসভার নোটিসের প্রেক্ষিতে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ ভাবে নির্মিত।

Advertisement
আরও পড়ুন