West Bengal Elections 2026

একতারার সুরে ভোট সচেতনতার প্রচারে স্বপন

পূর্ব বর্ধমানের বাসিন্দা স্বপন দত্ত বহু দিন ধরেই বাউল চর্চার সঙ্গে যুক্ত। ২০১৬ সাল থেকে প্রতিটি নির্বাচনে এই ভাবে সচেতনতা প্রচার করে চলেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৮:৩০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের আবহেও গেরুয়া পোশাকে হাতে একতারা নিয়ে ঘুরে ঘুরে গান গাইছেন তিনি। গানের কথায় আছে শান্তিপূর্ণ এবং সচেতন ভোট দানের বার্তা। বছর ছাপ্পান্নর বাউলশিল্পী স্বপন দত্তের এই উদ্যোগ গণতন্ত্রের মূল মূল্যবোধকে আরও শক্তিশালী করার চেষ্টা হিসেবেই দেখছেন মানুষ।

পূর্ব বর্ধমানের বাসিন্দা স্বপন দত্ত বহু দিন ধরেই বাউল চর্চার সঙ্গে যুক্ত। ২০১৬ সাল থেকে প্রতিটি নির্বাচনে এই ভাবে সচেতনতা প্রচার করে চলেছেন তিনি। তাঁর এই উদ্যোগে তিনি রাজ্য নির্বাচন কমিশনের থেকে সংবর্ধনা পেয়েছেন। রাষ্ট্রপতি পুুরষ্কারও পেয়েছেন। বর্তমানে তিনি আসানসোল ও সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছেন। স্বপনের কথায়, “লোকগান শুধু বিনোদন নয়, সমাজকে দিশা দেখানোরও পথ।”

তাঁর গানের মূল বার্তা— ভয় ও হিংসা থেকে দূরে থেকে নিজের ভোটের সঠিক ব্যবহার করা। তিনি মানুষকে আহ্বান জানান, যেন তারা কোনও চাপ ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন এবং এমন সরকার বেছে নেন, যারা মানুষের সমস্যাকে বোঝে। তাঁর মতে, নির্বাচনের সময় সমাজে ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়, যা দূর করা জরুরি। “মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারেন, তবেই গণতন্ত্র শক্তিশালী হবে,” বলেন তিনি।

কোনও আর্থিক লাভের প্রত্যাশা ছাড়াই এই কাজ করে চলেছেন প্রৌঢ় শিল্পী। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, “ভোটের সময় যখন হিংসা ও উত্তেজনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়, তখন স্বপন দত্তের মতো মানুষ সমাজকে ইতিবাচক পথ দেখান। তাঁর গান শুধু মনোরঞ্জনই নয়, মানুষকে ভাবতেও বাধ্য করে। সহজ ভাষায় বার্তা পৌঁছে দিলে তা মানুষের মনে গভীর প্রভাব ফেলে। শিল্পীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”

আরও পড়ুন