Mob-RPF conflict

কাটোয়া স্টেশনের কাছে জনতা ও রেল কর্তৃপক্ষের সংঘাত, চলল পাথর বৃষ্টি, আহত বেশ কয়েক জন আরপিএফ জওয়ান

রেল সূত্রে খবর, কাটোয়া স্টেশন সংলগ্ন কেশিয়াপাড়ার কাছে দীর্ঘ দিন ধরে স্থানীয় বাসিন্দারা রেললাইন টপকে যাতায়াত করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০১:৫৯
কাটোয়া জংশন।

কাটোয়া জংশন। ফাইল চিত্র।

এক দিকে মানুষের যাতায়াতের সমস্যা। অন্য দিকে, প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার বন্ধ করায় রেলের উদ্যোগ। এই দুই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়ার কেশিয়াপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হল রেলকর্মী ও আরপিএফ জওয়ানদের। বিক্ষুব্ধ মানুষের পাথর বর্ষণে আহত বেশ কয়েক জন আরপিএফ জওয়ান। বিক্ষোভ ঠেকাতে পাল্টা লাঠিচার্জ আরপিএফের।

Advertisement

রেল সূত্রে খবর, কাটোয়া স্টেশন সংলগ্ন কেশিয়াপাড়ার কাছে দীর্ঘ দিন ধরে স্থানীয় বাসিন্দারা রেললাইন টপকে যাতায়াত করেন। প্রধানত ঘুরপথ এড়িয়ে এই যাতায়াত নিষিদ্ধ করতে জায়গাটি ঘিরে দেওয়ার পরিকল্পনা নেয় রেল কর্তৃপক্ষ। সেই মতো কাজ করতে এসে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। শুরু হয় পাথর বর্ষণ। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ শুরু করে বাহিনী।

বিক্ষুব্ধ জনতার দাবি, রেললাইন সম্পূর্ণ ঘিরে দিলে স্থানীয় বাসিন্দাদের একাংশকে প্রবল সমস্যার মুখে পড়তে হবে স্টেশন পৌঁছোনোর জন্য। অনেকটা ঘুরে তবেই স্টেশনে পৌঁছতে পারবেন তাঁরা। সেই কারণে তাঁদের এই বিক্ষোভ।

কাটোয়ার আরপিএফ ইনস্পেক্টর বি এন সিংহ জানিয়েছেন, পুরো ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপরমহলের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

Advertisement
আরও পড়ুন