Dogs Captured Hospital Bed

রোগীর শয্যায় আরামের ঘুম পথকুকুরদের! স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি

পূর্ব বর্ধমানের আউশগ্রামের বন নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একতলায় রোগীর বেডে শীতের রাতে আরামে ঘুমোচ্ছিল দু’টি কুকুর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২
Dogs

স্বাস্থ্যকেন্দ্রে শয্যায় দুই পথকুকুরের বিশ্রাম। —নিজস্ব ছবি।

রোগীর শয্যা দখল করে নিশ্চিন্তে ঘুমোচ্ছে পথকুকুরেরা। পূর্ব বর্ধমানের একটি স্বাস্থ্যকেন্দ্রে কুকুর শুয়ে থাকার ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কয়েক দিন আগে হুগলির একটি সরকারি হাসপাতালেও একই ছবি দেখা গিয়েছে।

Advertisement

পূর্ব বর্ধমানের আউশগ্রামের বন নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একতলায় রোগীর বেডে শীতের রাতে আরামে ঘুমোচ্ছিল দু’টি কুকুর। আশপাশে কোনও স্বাস্থ্যকর্মী বা নিরাপত্তারক্ষীর দেখা মেলেনি। শনিবার ওই ছবি সামাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে। জেলার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ, ‘‘রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল অবস্থার এটাই জলজ্যান্ত প্রমাণ। রাজ্যের অনেক হাসপাতালে এমন ছবি দেখা যাচ্ছে।’’ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘এটাই প্রমাণ করছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কী বেহাল দশা!’’

অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ‘‘ওই বেডটি পরিত্যক্ত ছিল। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কেউ ইচ্ছাকৃত ভাবে এই ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূল সরকারের আমলে রাজ্যের হাসপাতালগুলিতে আমূল পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। আগে সেটাই হত না।’’

কিন্তু প্রশ্ন উঠছেই, হাসপাতালের পরিত্যক্ত বেড হলেও স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢুকে কী ভাবে পথকুকুর শুয়ে থাকতে পারে। সেই সময় স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাই বা কোথায় ছিলেন? জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানান, ব্লক স্বাস্থ্য আধিকারিককের কাছ থেকে খোঁজখবর নিচ্ছি। কী ঘটনা ঘটেছে জেনে প্রতিক্রিয়া দেব।’’ ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দ্রত বিশ্বাস জানান, এ রকম ঘটনা অনভিপ্রেত। তিনি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলবেন।

Advertisement
আরও পড়ুন