West Bengal Elections 2026

বিজেপি প্রার্থীর প্রচারে অংশ নেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ, পুলিশ ডাকায় উল্টে তোপ তৃণমূল কাউন্সিলরের

বিজেপি নেতা মহাদেব মালের দাবি, মঙ্গলবার তিনি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের নির্বাচনী প্রচারে অংশ নেন। নিজের বাড়িতে বিজেপি কর্মীদের খাবারের বন্দোবস্ত করেছিলেন। তার পরেই গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৫:১৩
Bardhaman TMC-BJP Clash

তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা পুলিশের। —নিজস্ব ছবি।

বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করা এবং কর্মীদের খাবারের বন্দোবস্ত করায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকায়।

Advertisement

বালামহাটের বাসিন্দা বিজেপি নেতা মহাদেব মালের দাবি, মঙ্গলবার তিনি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের নির্বাচনী প্রচারে অংশ নেন। নিজের বাড়িতে বিজেপি কর্মীদের খাবারের বন্দোবস্ত করেছিলেন। তার পরেই গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেছেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের লোকজন তাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। ইটবৃষ্টিতে পুরো পরিবারে আতঙ্কিত হয়ে পড়ে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

অন্য দিকে, ওই পরিস্থিতিতেই ঘটনাস্থলে যান ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। সেখানে এক পুলিশকর্মীর সঙ্গে তাঁর বচসা বাধে। কাউন্সিলর নাড়ুগোপাল পুলিশকে ‘হুঁশিয়ারি’ দেন বলেও অভিযোগ। তিনি জানান, তাঁর অনুমতি নিয়ে এলাকায় প্রবেশ করতে হবে পুলিশকে।

বুধবার সকাল হতেই ওই নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে যায়। বিজেপির অভিযোগ, প্রশাসনিক কাজে হস্তক্ষেপের চেষ্টা করছেন তৃণমূল কাউন্সিলর। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ‘‘বিজেপি প্রার্থী প্রচারে যাচ্ছেন। কিন্তু তাঁর সঙ্গে যাঁরা থাকছেন, তাঁরা মহিলাদের কটূক্তি করছেন। এটা তারই বহিঃপ্রকাশ। তবে আমাদের কর্মী বা নেতারা যেন বিজেপির ফাঁদে পা না দেন। সে জন্য সর্তক হতে হবে।’’

ওই বিতর্কে মুখ খুলেছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মৌমিতা স্বয়ং। তিনি বলেন, ‘‘তৃণমূল নেতারা চাইছেন সকলকে ভয়ের মধ্যে দেখাতে।’’ তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। মৌমিতার কথায়, ‘‘ঝামেলা, অশান্তি হলে কেন্দ্রীয় বাহিনী আসছে না কেন?’’

Advertisement
আরও পড়ুন