মোদী সরকার থেকে জি রাম জি প্রকল্পে অর্থ দেওয়া হল পশ্চিমবঙ্গকে। ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের দু’মাস পূর্ণ হওয়ার আগেই রাজ্যের জন্য ১২৫ দিনের কাজের প্রকল্পের বরাদ্দ ঘোষণা করে দিল কেন্দ্র। ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হয় গত ৯ মে। তার ঠিক দু’মাস পূর্ণ হওয়ার আগে রবিবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করেছেন। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ১২৬৪.৪৯ কোটি টাকা। ১ জুলাই থেকে এ রাজ্যে ওই প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে।
বিগত তৃণমূল সরকারের শেষ পাঁচ বছরের মধ্যে একটা বড় সময় ধরে বন্ধ ছিল একশো দিনের কাজের প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ। অভিযোগ, প্রকৃত শ্রমিকদের বদলে ভুয়ো নামে ভরিয়ে ফেলা হয়েছিল উপভোক্তা তালিকা। উপভোক্তাদের একটা বড় অংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক ছিল না। একের মজুরি জমা পড়ত অন্যের অ্যাকাউন্টে। এই কারণে একের পর এক কেন্দ্রীয় দল ঘুরে যায় রাজ্যে। তাদের সুপারিশ মেনে অনেক পরে পদক্ষেপ করে বিগত সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এ বার শুধু টাকা দেওয়াই নয়, সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গ্রামীণ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাঁদের হাতে পৌঁছে দেওয়ার উপর। সেই সঙ্গে প্রকল্পের কাজে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার দিকেও কড়া নজরদারি চালানো হবে। রবিবার দেশ জুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য মোট ২৫ হাজার ৮৬৩ কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে উত্তরপ্রদেশ (৩২১০.৭৬ কোটি টাকা)। প্রসঙ্গত, ২০২৭ সালের শুরুতেই সে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। তাই সেই রাজ্যে বরাদ্দ বৃদ্ধি স্বাভাবিক বলেই মনে করছেন জাতীয় রাজনীতির কারবারিরা।