West Bengal Assembly Election 2026

পশ্চিমবঙ্গে এক দফায় ভোট চায় সিইও দফতর! প্রস্তাবও দেবে দিল্লির নির্বাচন সদনকে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই

অতিমারির আবহে ২০২১ সালে আট দফায় বিধানসভায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আসন্ন বিধানসভা ভোট এক দফায় করার পক্ষপাতী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রের খবর, কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে সিইও দফতরের কাছে জানতে চাইলে, তারা এক দফায় ভোট করানোর প্রস্তাব দেবে। সিইও দফতরের এক আধিকারিকের বক্তব্য, ‘‘এক দফায় ভোট হলে অসুবিধার কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে। এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত।’’

Advertisement

অতিমারির আবহে ২০২১ সালে আট দফায় বিধানসভায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন ৩৯ লোকসভার রাজ্য তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট হতে পারে, তবে পশ্চিমবঙ্গে কেন আট দফা প্রয়োজন? নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করেছিলেন তিনি।

আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। মোদী সরকারের জমনায় এর আগে ২০১৬ সালে পশ্চিমবঙ্গে সাত দফায় বিধানসভা ভোট হয়েছিল। ইউপিএ আমলে ২০১১ সালে (যে নির্বাচনে বামেদের হারিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল এবং কংগ্রেসের জোট) বিধানসভা ভোট হয়েছিল ছ’দফায়। এর আগে বিজেপির একটি সূত্র জানিয়েছিল, দলের তরফে এ বার কম দফায় ভোট করানোর আবেদন জানানো হয়েছে কমিশনে। প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহারে এক দফায় বিধানসভা ভোট করিয়েছে কমিশন।

Advertisement
আরও পড়ুন