Aroop Biswas

পালাবদলেও অরূপের বকেয়া বিল পাশে প্রশ্ন

শুধু মন্ত্রীর দফতরের সরঞ্জাম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ‘দুয়ারে সরকার’ শিবির থেকে ৫০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিদ্যুৎ বিল মকুব করে দেওয়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৬:৪৭
অরূপ বিশ্বাস।

অরূপ বিশ্বাস। — ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বিদ্যুৎমন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস। অফিসের সরঞ্জাম বাবদ ১৪ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছিল মন্ত্রীর দফতরে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিচালন পর্ষদের বৈঠক ডেকে সেই বিল মঞ্জুর করা হয়েছে।

এই ঘটনার পরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অন্দরে প্রশ্ন উঠেছে, প্রাক্তন মন্ত্রীর দফতরের সরঞ্জামের খরচের টাকা কেন বিদ্যুৎ বণ্টন সংস্থার কোষাগার থেকে যাবে? কারণ, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী আগেও বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও পদে ছিলেন না। এখনও নেই। তা সত্ত্বেও তাঁর দফতরের সরঞ্জাম কেনার খরচ কেন বিদ্যুৎ বণ্টন সংস্থা মেটাবে, সেই প্রশ্ন উঠছে। ঘটনাচক্রে, যাঁর দফতরের বিল বর্তমান সরকারের আমলে মঞ্জুর হয়েছে, সেই অরূপ বিশ্বাস এখন বিদ্রোহীদের নেতৃত্বাধীন নতুন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার আগে জুন মাসের মাঝামাঝি সময়ে অরূপই আদি তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত লেনদেন বন্ধ রাখার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। তার অনেক আগেই, ২৮ মে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে তাঁর পুরনো দফতরের সরঞ্জাম কেনার বিল মঞ্জুর হয়ে গিয়েছিল।

শুধু মন্ত্রীর দফতরের সরঞ্জাম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ‘দুয়ারে সরকার’ শিবির থেকে ৫০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিদ্যুৎ বিল মকুব করে দেওয়া হয়েছিল। গত ২৮ মে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে তা-ও মঞ্জুর করে দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষের প্রায় ৪৯৭ কোটি টাকা রয়েছে। চলতি আর্থিক বছরের প্রায় ১০ কোটি টাকা রয়েছে। আগের সরকারের আমলে ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মকুব করা এই বকেয়া অর্থ আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বলে তা মকুবের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ও আরও পাঁচ জন মন্ত্রী ৯ মে শপথ নিয়েছিলেন। তার পরে মন্ত্রিসভার সম্প্রসারণের আগেই ২৮ মে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিচালন পর্ষদের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু। তিনি এখন রাজ্যের বিদ্যুৎ দফতরেরও সচিব। বৈঠকের সিদ্ধান্তের তালিকায় ২০ নম্বরে প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর দফতরের সরঞ্জামের জন্য ১৪ লক্ষ ১৩ হাজার ৭৪৯ টাকার খরচ মঞ্জুরের সিদ্ধান্ত হয়েছে। বলা হয়েছে, উচ্চপদস্থ ব্যক্তিদের ব্যবহারের জন্য এই সরঞ্জাম কেনা হয়েছিল। বৈঠকের সিদ্ধান্তের তালিকায় ২৮ নম্বরে রয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির থেকে বকেয়া টাকা মকুবের সিদ্ধান্ত।

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রের বক্তব্য, আগের সরকারের জমানার আর্থিক দায় সরকার বদলের পরেও প্রশাসনকে নিতে হবে। কিন্তু অরূপ বিশ্বাস বিদ্যুৎমন্ত্রী হলেও সংস্থার পদে ছিলেন না। তিনি বিদ্যুৎ দফতরের সঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন। তা হলে তাঁর অফিস সরঞ্জামের খরচ বিদ্যুৎ বণ্টন সংস্থা মেটাবে কেন? সংস্থার কর্তাদের ব্যাখ্যা, বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্পোরেট কমন সার্ভিস সেল মন্ত্রীর দফতরের জন্য সরঞ্জাম কিনেছিল। তাই সংস্থাকে বিলের টাকা মঞ্জুর করতে হয়েছে।

আরও পড়ুন