DA case in Supreme Court

নির্দেশ সত্ত্বেও বকেয়া পুরনো ডিএ-র ২৫% মেটায়নি রাজ্য! আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যৌথ মঞ্চ

গত ৫ ফেব্রুয়ারি বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। আদালত জানিয়েছিল, মহার্ঘভাতা সরকারি কর্মচারীদের আইনি অধিকার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩
বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করতে চায় সংগ্রামী যৌথমঞ্চ।

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করতে চায় সংগ্রামী যৌথমঞ্চ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও সেই টাকা হাতে পাননি কোনও সরকারি কর্মচারী। এ নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।

Advertisement

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। তবে কোনও সময় উল্লেখ করা হয়নি। আদালত জানিয়েছিল, মহার্ঘভাতা সরকারি কর্মচারীদের আইনি অধিকার। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর পর বাকি ৭৫ শতাংশ কী ভাবে মেটানো হবে, তা স্থির করতে একটি কমিটি গঠনের কথা বলেছিল আদালত। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওই কমিটি তৈরি হওয়ার কথা। আদালত জানায়, কমিটি নির্ধারিত বকেয়ার প্রথম কিস্তি রাজ্য সরকারকে মেটাতে হবে আগামী ৩১ মার্চের মধ্যে। কিন্তু সরকারি কর্মচারীদের বক্তব্য, বকেয়া মেটানোর কোনও উদ্যোগই দেখা যাচ্ছে না রাজ্য সরকারের মধ্যে।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দেওয়ার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা এখনও বাস্তবায়িত হয়নি। রাজ্য সরকারের কার্যকলাপ দেখে আমাদের মনে হয়েছে, তারা ইচ্ছাকৃত ভাবে আদালতের রায়কে মান্যতা দিচ্ছে না। বকেয়া মেটানোর কোনও প্রস্তুতি বা মানসিকতা দেখা যাচ্ছে না। তাই আদালত ২৫ শতাংশ মেটানোর যে নির্দেশ দিয়েছে, শুধু সেটুকুর উপরে আমরা আদালত অবমাননার মামলা করেছি।’’

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি, তার কোনও উত্তর মেলেনি। সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটিও বকেয়া ডিএ নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল বলে দাবি করেন ভাস্কর। অভিযোগ, রাজ্যের তরফে এখনও সময় দেওয়া হয়নি। এ বার তা নিয়ে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন।


Advertisement
আরও পড়ুন