West Bengal Assembly Election

নির্বাচনের দিন ঘোষণার আগেই বিধানসভা ভোটের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, সামলাবেন কী দায়িত্ব

ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ১৩ সিসি ধারা অনুযায়ী এনকে মিশ্রকে পশ্চিমবঙ্গের আসন্ন ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হল। কমিশন জানিয়েছে, বিশেষ পর্যবেক্ষক হিসাবে তিনি প্রয়োজনে এ রাজ্যে আসবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯
Election Commission appoints special observers for West Bengal assembly elections

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ প্রায় শেষ পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে তার আগে এ রাজ্যের জন্য এসআইআর এবং বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল।

Advertisement

কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি জানায়। জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হচ্ছে। তাঁর কী কী দায়িত্ব হবে, তা-ও জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি মূলত এসআইআর এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং পরিচালনা তদারক করবেন।

ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ১৩ সিসি ধারা অনুযায়ী এনকে মিশ্রকে পশ্চিমবঙ্গের আসন্ন ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হল। কমিশন জানিয়েছে, বিশেষ পর্যবেক্ষক হিসাবে তিনি প্রয়োজনে এ রাজ্যে আসবেন। নির্বাচন সংক্রান্ত কমিশনের নির্দেশাবলি সঠিক ভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব তাঁর। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী কাজ দেখভাল করবেন ওই বিশেষ পর্যবেক্ষক।

বিশেষ পর্যবেক্ষক হিসাবে কাজ করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে এনকে মিশ্রকে। তবে তিনি কোনও নির্বাচনী আধিকারিককে সরাসরি শংসাপত্র দিতে পারবেন না। যদি কখনও এমন পরিস্থিতি হয়, তবে বিষয়টি কমিশনকে প্রস্তাব আকারে জানাতে হবে। কমিশনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এসআইআর প্রক্রিয়া চলাকালীনও পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। তবে এ বার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই এ রাজ্যের জন্য কমিশনের তরফে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে দেওয়া হল।

Advertisement
আরও পড়ুন