—প্রতীকী চিত্র।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে আরও ৩৮ জন বাংলাদেশি নাগরিকের নাম বাদ দেওয়ার সুপারিশ করল ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)। সংশ্লিষ্ট দফতরের দাবি, ওই ৩৮ জনের প্রত্যেকের কাছেই বাংলাদেশের বৈধ পাসপোর্ট রয়েছে। সেই তথ্যপ্রমাণের ভিত্তিতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরে আনুষ্ঠানিক ভাবে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় উঠে এসেছে যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বাংলাদেশি নাগরিকত্ব বহাল রেখেছেন এবং বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করছেন। নিয়ম অনুযায়ী, কেবলমাত্র ভারতীয় নাগরিকেরাই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার যোগ্য। ফলে বিদেশি নাগরিকদের নাম তালিকাভুক্ত থাকা আইনসঙ্গত নয়। এর আগেও গত ছয় মাসে দফায় দফায় প্রায় ৫০০ জন বাংলাদেশি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিল এফআরআরও। সেই প্রক্রিয়ারই ধারাবাহিকতায় এ বার নতুন করে ৩৮ জনের নাম চিহ্নিত করে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট নথি, বিশেষ করে বিদেশি পাসপোর্টের তথ্য যাচাই করে তবেই আবেদন করা হয়েছে বলে দাবি এফআরআরও।
এখন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলার নির্বাচন আধিকারিকদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবে। প্রয়োজনীয় তদন্ত ও শুনানির পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাকে নোটিস পাঠিয়ে আত্মপক্ষ সমর্থন জানানোর সুযোগ দেওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ওই নাগরিকদের অবস্থান জানতে চাইতে পারে কমিশন।
আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া জোরদার হওয়ায় এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশনের একাংশ আধিকারিক। কমিশনের স্পষ্ট বক্তব্য, ভোটার তালিকাকে স্বচ্ছ, নির্ভুল এবং আইনসম্মত রাখতে নিয়মিত যাচাই ও সংশোধন প্রক্রিয়ায় কোনও ত্রুটি রাখা হবে না।