—ফাইল চিত্র।
আসন্ন হোলি উপলক্ষে হাওড়া থেকে দূরপাল্লার বিভিন্ন ট্রেনে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতগামী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাওড়া পুরনো ক্যাব রোড বন্ধ থাকবে। শনিবার থেকে সোমবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকছে ওই রাস্তা।
ওই পরিসর হোলি উপলক্ষে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অপেক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের রেলের পক্ষ থেকে নতুন ক্যাব রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়া ছাড়াও শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকেওই সব ট্রেন চলছে। পূর্ব রেল বিভিন্ন ডিভিশন থেকে ২০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাচ্ছে। শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে শিয়ালদহ ডিভিশন ন’জোড়া বিশেষ ট্রেন চালাচ্ছে। শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে ওইসব ট্রেন চলছে। বিশেষ ট্রেনের মধ্যে মধুবনী এবং গোরক্ষপুরগামী ট্রেন রয়েছে। এ ছাড়াও পুরী এবং উত্তরবঙ্গগামী যাত্রীদের কথা ভেবে একটি করে ট্রেন ওড়িশার মালতীপাটপুর এবং নিউ জলপাইগুড়ি পর্যন্ত চালানো হচ্ছে। উত্তরাখণ্ডের লালকূঁয়া এবং হৃষিকেশের উদ্দেশ্যেও বিশেষ ট্রেন চলছে।যাত্রীদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে রেল শিয়ালদহ থেকে প্রয়াগরাজ এবং হাওড়া থেকে নয়াদিল্লি দু’টি সম্পূর্ণ অসংরক্ষিত ট্রেন চালাচ্ছে রেল। আজ, রবিবার ওই দুই ট্রেনের ছাড়ার কথা।
ভিড় নিয়ন্ত্রণে সব গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশনে বাড়তি রক্ষী মোতায়েন করা হয়েছে। দোলের দিন শিয়ালদহ ডিভিশনের শহরতলির বহু লোকাল ট্রেন বাতিল থাকছে। সকালের দিকের বেশির ভাগ ট্রেন ওই দিন বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর।