Howrah YouTuber Fraud Case

দেড় হাজারের জিন্‌স ৮০ টাকায়, দামি টি-শার্ট ৫০, ইউটিউব দেখে হাওড়ায় গিয়ে প্রতারিত মধ্যপ্রদেশের ব্যবসায়ী!

ভিন্‌রাজ্যের ব্যবসায়ী জানান, টিকিয়াপাড়ার এক ইউটিউবারের ভিডিয়ো দেখে হাওড়া যাওয়ার ব্যাপারে মনস্থির করেন তিনি। দিনকয়েক আগে জবলপুর হামসফর এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি পৌঁছোন। দেখা করেন ইউটিউবারের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪
Howrah YouTuber Fraud Case

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অবিশ্বাস্য কম দামে পোশাক পাওয়া যায়! ইউটিউবে ভিডিয়ো দেখে সুদূর মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন এক ব্যবসায়ী। গিয়েছিলেন হাওড়ার একটি বিখ্যাত হাটে। কিন্তু তার পর হাজার হাজার টাকা খরচ করে তিনি প্রতারিত হয়েছেন। এমনই অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী। এক ইউটিউবারের খোঁজ শুরু করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ওই ব্যবসায়ীর নাম বিজয় দুবে। তিনি জানান, পোশাক বিক্রি করেন বলে পাইকারিতে কম খরচে কোথায় কোথায় জামাকাপড় বিক্রি হয়, তার খোঁজ রাখতেন। ইউটিউবে এমনই একটি ভিডিয়ো দেখে তিনি হাওড়ায় গিয়েছিলেন। বিজয় বলেন, ‘‘দেড় হাজার টাকার জিন্‌স মাত্র ৮০ টাকায় পাওয়া যাচ্ছে, হাজার টাকার টি-শার্ট ৫০ টাকায়! তা ছাড়া মহিলাদের পোশাকও ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। ইউটিউবে এই ভিডিয়ো দেখে হাওড়ায় পোশাক কিনতে গিয়েছিলাম। কিন্তু তার পর প্রতারিত হয়েছি।’’ কী ভাবে?

Advertisement

ভিন্‌রাজ্যের ব্যবসায়ী জানান, টিকিয়াপাড়ার এক ইউটিউবারের ভিডিয়ো দেখে হাওড়া যাওয়ার বিষয়ে মনস্থির করেন তিনি। দিন কয়েক আগে জবলপুর-হামসফর এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি পৌঁছোন। সেখান থেকে হাওড়ার একটি হোটেলে ওঠেন। পরের দিন ওই ইউটিউবারের সঙ্গে দেখা করেন। ইউটিউবার তাঁর বাইকে বসিয়ে তাঁকে ওই বাজারে নিয়ে যান। বেশ কয়েকটি দোকান ঘুরে একটি দোকানের জিনিস পছন্দ হয় তাঁর। অগ্রিম হিসাবে নগদ ৫০ হাজার টাকা দেন। বিজয় বলেন, ‘‘ডেলিভারির জন্য ২ হাজার টাকা দিয়েছিলাম। আমার সামনেই মালপত্র প্যাকিং করে ডেলিভারির জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তার পর দেখলাম কিছুই ডেলিভারি হয়নি। ফোনে আমি ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করি। তখন আমায় প্রাণে মারার হুমকি দিয়ে বলা হয়, হাওড়া ছেড়ে চলে যেতে।’’

তার পরেই হাওড়ার সাইবার ক্রাইম থানায় যান ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত এখনও অধরা।

Advertisement
আরও পড়ুন