West Bengal Police Reshuffle

নন্দীগ্রামের আইসি বদলে দেওয়া হল, সরানো হল ব্যারাকপুরের ইনস্পেক্টরকেও! রাজ্য পুলিশে ফের রদবদল, কোন দায়িত্বে কে

নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন চার্জ (আইসি) হিসাবে এত দিন ছিলেন শুভব্রত নাথ। তাঁকে ওই পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ইনস্পেক্টর করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৯:৪৩
রাজ্য পুলিশে দু’টি রদবদল করা হয়েছে।

রাজ্য পুলিশে দু’টি রদবদল করা হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য পুলিশে ফের রদবদল। বদলে দেওয়া হল নন্দীগ্রামের আইসি-কে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টরকেও বদলানো হয়েছে। ওই দুই পদে নতুন আধিকারিকদের নিয়োগ করে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তাঁদের নিজ নিজ ডিউটিতে যোগ দিতে হবে।

Advertisement

নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ (আইসি) হিসাবে এত দিন ছিলেন শুভব্রত নাথ। তাঁকে ওই পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র ইনস্পেক্টর করা হয়েছে। পরিবর্তে নন্দীগ্রামে আইসি করে পাঠানো হয়েছে অজয়কুমার মিশ্রকে। তিনি এত দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর ছিলেন। তাঁদের বদলি সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর রয়েছে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)-র। বদলির চিঠি পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এসপি এবং সিআইডি-র এডিজি-কে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পুলিশে ঢালাও রদবদল করেছিল নির্বাচন কমিশন। শীর্ষ স্তর থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন আধিকারিকদের বদলি করা হয়েছিল। ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পদমর্যাদা বলে তিনিই পুলিশমন্ত্রী।

নন্দীগ্রাম এবং ব্যারাকপুরের পুলিশে কেন নতুন করে রদবদল করা হল, এখনও স্পষ্ট নয়। পুলিশের নির্দেশিকায় আলাদা করে কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নন্দীগ্রামের আলাদা তাৎপর্য রয়েছে। ভবানীপুরের পাশাপাশি ওই কেন্দ্র থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু নিজে। দু’টি কেন্দ্র থেকে জেতার পর ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি থেকে গিয়েছেন। ছেড়ে দিয়েছেন নন্দীগ্রাম। তবে শুভেন্দু নন্দীগ্রামের মানুষকে আশ্বস্ত করেছেন, খাতায়কলমে না থাকলেও সেখানকার বিধায়কের দায়িত্ব তিনিই পালন করবেন। কোনও খামতি রাখবেন না।

Advertisement
আরও পড়ুন