Financial Fraud

বিনিয়োগের ফাঁদে ফেলে ১২ লক্ষের ‘প্রতারণা’

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি বাগুইআটি থানা এলাকার এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন যে, একটি ব্যাঙ্কের নামে ওই প্রতারণা চলেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৬:৪৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিনিয়োগে উচ্চ হারে মুনাফার প্রলোভনের ফাঁদে পড়ে ১২ লক্ষ ৭৯ হাজার টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে সম্প্রতি বিধাননগর পুলিশের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি বাগুইআটি থানা এলাকার এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন যে, একটি ব্যাঙ্কের নামে ওই প্রতারণা চলেছে। প্রথমে তাঁকে একটি ওয়টস্যাপ গ্রুপে যুক্ত করা হয়, সেখানে এক মহিলা-সহ দুই ব্যক্তি অভিযোগকারীকে বিনিয়োগ করার ক্ষেত্রে লাগাতার পরামর্শ এবং চাপ দিতে থাকেন। এমনকি, উচ্চ সুদে ঋণ নিয়ে বিনিয়োগের ক্ষেত্রেও উৎসাহ দেয় প্রতারকেরা।

বিশ্বাসযোগ্যতা অর্জনে সেবির শংসাপত্র-সহ বিভিন্ন নথি পাঠানো হয়। যদিও সেগুলি ভুয়ো বলেই অনুমান অভিযোগকারীর। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অভিযোগকারী ১২ লক্ষ ৭৯ হাজার টাকা বিনিয়োগ করেন। পরে যখন অভিযোগকারী নিজের বিনিয়োগ করা টাকা ফেরৎ নিতে যান, তখন ‘শর্ট টার্ম ক্যাপিটাল গেন’ করের নাম করে তাঁর কাছে অতিরিক্ত টাকা দাবি করতে থাকে প্রতারকেরা। এর পরেই তিনি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ও বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রের খবর, এমন প্রতারণার একাধিক ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে সতর্ক হওয়ার আবেদন করছে পুলিশ।

আরও পড়ুন